দেশের বিভিন্ন অঞ্চলে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। সিলেট, ময়মনসিংহ এবং রাজধানী ঢাকার কয়েকটি এলাকা থেকে ভূমিকম্পের কম্পন টের পাওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১১ জুন) রাত ৯টা ৪০ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।
ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের শিলচর অঞ্চলে, যা সিলেটের করিমগঞ্জ সীমান্তের কাছাকাছি অবস্থিত। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫।
তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে গত রোববার (৭ জুন) রাত ১১টা ৩৭ মিনিটের দিকে ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্পে দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। ওই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভুটানে।



