tanaka
প্রচ্ছদরাজধানীমোহাম্মদপুরে ইন্টারনেট অফিসে হামলা, গ্রেফতার ১

মোহাম্মদপুরে ইন্টারনেট অফিসে হামলা, গ্রেফতার ১

রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ নামে একটি ইন্টারনেট অফিসে ঢুকে হামলা ও লুটের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম ইরফান।

বৃহস্পতিবার (১১ জুন) ইরফানকে গ্রেফতারের কথা জাগো নিউজকে নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা।তিনি জানান, ঘটনার পর পুলিশ জড়িতদের শনাক্ত করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত জড়িত ইরফান নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আজ আদালতে সোপর্দ করা হবে।

এর আগে মঙ্গলবার (৯ জুন) রাত পৌনে ৯টার দিকে মোহাম্মদপুরের লালমাটিয়ায় ওই প্রতিষ্ঠানে হামলা ও লুটের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির করপোরেট কো-অর্ডিনেটর অফিসার সগীর হোসেন আসিফ বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন।হামলার ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, মাস্ক পরা অবস্থায় সাতজন অফিসে প্রবেশ করে। প্রথমে তারা অ্যাকাউন্ট শাখায় যায়। সেখানে গ্রাহকের সঙ্গে কথা বলা অবস্থায় অ্যাকাউন্টস ম্যানেজার ইব্রাহিম হাওলাদারকে মারধর করা হয়। এসময় হামলাকারীরা বলে, ‘মিঠু (মিঠু হাওলাদার) ও প্রদীপ (প্রদীপ ঢালী) কই? বাপে ফোন দেয়, ধরিস না ক্যান? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো।’

পুরো ঘটনা আবার পাশের একজন ভিডিওকলে বাইরের কাউকে দেখাচ্ছিল। একই সময়ে অফিসে আসার কারণ জানতে চাওয়ায় প্রতিষ্ঠানটির ইলেকট্রিশিয়ান জালালকেও মারধর করা হয়। পরে সবাইকে অফিস থেকে বের করে দেওয়া হয়।