tanaka
প্রচ্ছদরাজনীতিইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামী ব্যাংক বাংলাদেশকে ঘিরে ধর্মীয় আবেগ ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ইসলামী ব্যাংক কোনো ধর্মীয় প্রতিষ্ঠান নয় এবং জামায়াতে ইসলামীও ইসলাম ধর্মের প্রতিনিধিত্ব করে না। তাই কোনো বিষয়কে ধর্মের সঙ্গে মিলিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা উচিত নয়।

মঙ্গলবার (৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনের তৃতীয় দিনে ৬৮ বিধিতে উত্থাপিত ইসলামী ব্যাংকসংক্রান্ত বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের নোটিশের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াতে ইসলামী একদিকে দাবি করে যে তারা ইসলামী ব্যাংকের মালিক নয়, আবার অন্যদিকে ব্যাংকটির বিষয়ে কথা বলতে গিয়ে ইসলামের দোহাই দেয়। সম্প্রতি দলটির কয়েকজন নেতার সঙ্গে আলোচনায়ও তিনি একই ধরনের বক্তব্য শুনেছেন বলে জানান।

তিনি বলেন, “ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয়। তাই প্রতিটি বিষয়কে ইসলামের ওপর আঘাত হিসেবে উপস্থাপন করা ঠিক নয়।”

সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, একসময় জামায়াতে ইসলামী ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে ছিল। বর্তমানে সেই প্রভাব কমে যাওয়ায় দলটি অস্বস্তি বোধ করছে বলেও মন্তব্য করেন তিনি।

সংসদে দেওয়া বক্তব্যে মন্ত্রী আরও বলেন, ব্যাংকটিকে কেন্দ্র করে যারা আন্দোলন করছেন, তাদের অনেকের রাজনৈতিক পরিচয় খতিয়ে দেখলেই বিষয়টি স্পষ্ট হবে। তিনি দাবি করেন, সাধারণ গ্রাহকদেরও বিভিন্নভাবে আন্দোলনে সম্পৃক্ত করার চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, “অনেকেরই ওই ব্যাংকে হিসাব রয়েছে। কিন্তু গ্রাহকদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে কি না, সেটিও বিবেচনায় নেওয়া প্রয়োজন।”

ইসলামী ব্যাংককে ঘিরে চলমান বিতর্কে ধর্মীয় অনুভূতির পরিবর্তে বাস্তবতা ও তথ্যভিত্তিক আলোচনার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।