চিকিৎসক সমাজকে নিয়ে সাংবাদিক মাসুদ কামালের দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনান এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল এক যৌথ বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে ড্যাব নেতারা বলেন, গত ৭ জুন একটি টকশোতে চিকিৎসকদের সম্পর্কে মাসুদ কামালের মন্তব্য চিকিৎসক সমাজকে অবমাননার শামিল। তারা দাবি করেন, দেশের স্বাস্থ্যখাতের বিভিন্ন সমস্যার জন্য এককভাবে চিকিৎসকদের দায়ী করার একটি অপচেষ্টা দীর্ঘদিন ধরে চলমান রয়েছে, যা চিকিৎসক সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।
ড্যাবের ভাষ্য অনুযায়ী, একজন চিকিৎসক দীর্ঘ অধ্যবসায়, মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে পেশাগত স্বীকৃতি অর্জন করেন। তাই চিকিৎসক সমাজকে সামগ্রিকভাবে হেয় করে কোনো মন্তব্য গ্রহণযোগ্য হতে পারে না।
যৌথ বিবৃতিতে বলা হয়, একটি ইউটিউবভিত্তিক আলোচনায় আদ-দ্বীন হাসপাতালে শিশু মৃত্যুর একটি তদন্তাধীন ঘটনা নিয়ে কথা বলতে গিয়ে সাংবাদিক মাসুদ কামাল চিকিৎসকদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করেন। ড্যাব নেতারা এ বক্তব্যকে অশালীন ও অনভিপ্রেত উল্লেখ করে এর তীব্র প্রতিবাদ জানান।
তারা অবিলম্বে মাসুদ কামালকে প্রকাশ্যে চিকিৎসক সমাজের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকারও অনুরোধ করেন। অন্যথায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে বলে সতর্ক করেন তারা।
বিবৃতিতে আরও বলা হয়, দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে চিকিৎসকদের অবদানকে প্রশ্নবিদ্ধ করার পরিবর্তে গঠনমূলক সমালোচনা ও সহযোগিতামূলক মনোভাব প্রয়োজন। ড্যাব নেতাদের মতে, কিছু ব্যক্তি ও গোষ্ঠী চিকিৎসা খাত সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করার চেষ্টা করছে, যা জনস্বার্থের পরিপন্থী।
চিকিৎসক সমাজের প্রতি দেওয়া মন্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে দুঃখ প্রকাশের আহ্বান জানিয়ে ড্যাব নেতারা চিকিৎসক ও সাধারণ জনগণকে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পক্ষে অবস্থান নেওয়ারও আহ্বান জানান।
উল্লেখ্য, ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেল স্বাক্ষরিত ওই বিবৃতিতে এসব বক্তব্য তুলে ধরা হয়েছে।



