বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান অভিযোগ করেছেন, বর্তমানে অনেক সাংস্কৃতিক কর্মী একত্রিত হয়ে পতিত স্বৈরাচারী সরকারের পক্ষে মায়াকান্না করছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
শিল্পীদের প্রতি ইঙ্গিত করে সেলিমা রহমান বলেন, “আপনারা জনগণকে বিশ্বাস করেন না। কীসের শিল্পী আপনারা? আপনারা শুধু নিজের সম্পদ গড়তেই ব্যস্ত ছিলেন। সমাজের সত্য ও গণতান্ত্রিক চেতনার প্রতিফলন আপনারা কখনো উপস্থাপন করেননি।”
তিনি আরও বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র, যুবক, শ্রমিক, নারী-পুরুষ, এমনকি শিশুরাও রাজপথে নেমেছিল। সেই দিনে শিশু ও ছাত্রদের হত্যা করা হয়েছে, যার দায় বর্তমান আওয়ামী স্বৈরাচারী সরকারের। গণঅভ্যুত্থানের কারণে তারা পালাতে বাধ্য হয়েছে, যদিও এখনো নানা ষড়যন্ত্রে লিপ্ত।”
বিএনপি নেত্রী খালেদা জিয়া সম্পর্কে তিনি বলেন, “তিনি মিথ্যা মামলায় ১৮ বছর ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, কিন্তু কখনো আপস করেননি। তার একটাই কথা—এই দেশের জনগণই আমার সন্তান, আর তাদের অধিকারের জন্যই আমার সংগ্রাম।”
সেলিমা রহমান বলেন, “খালেদা জিয়া কারাগারে যাওয়ার সময় বলেছিলেন, ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’। তিনি আপস করলে অনেক আগেই সরকারে যেতে পারতেন, কিন্তু তিনি গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন।”
তারেক রহমানকে উল্লেখ করে তিনি বলেন, “আজ আমাদের সামনে রয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বিদেশে চিকিৎসাধীন অবস্থায় থেকেও আন্দোলনের সফল নেতৃত্ব দিয়েছেন। আন্দোলন সফল হয়েছে, স্বৈরাচারী সরকার পালিয়েছে।”
শিল্পীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা এখনো জাগ্রত হোন। শিল্পচর্চার মাধ্যমে সাধারণ মানুষের জীবন, অধিকার ও কথা তুলে ধরুন। প্রতিবাদী শিল্পী সমাজকে সব সময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে—জনগণের অধিকারের পক্ষে, গণতন্ত্রের পক্ষে।”
মানববন্ধনের শেষ দিকে জাসাসের যুগ্ম আহ্বায়ক ও গীতিকার ইথুন বাবু ঘোষণা দেন, “আগামী ২১ দিনের মধ্যে শিল্পকলা একাডেমি ও সচিবালয় থেকে ফ্যাসিস্টদের অপসারণ না হলে আমরা কঠোর কর্মসূচিতে যাবো।”
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক কর্মী শিবা শানুসহ নাট্যশিল্পী, চলচ্চিত্রশিল্পী ও অভিনয়শিল্পীরা।



