মানুষ যে প্রত্যাশা নিয়ে পরিবর্তন চেয়েছিল, বাস্তবে দেশ ভালো নেই বলে মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২ জুন) সিলেট সদর উপজেলার সোনাতলা গ্রামে ধর্ষণচেষ্টা ও হত্যার শিকার শিশু ফাহিমার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেন।
শফিকুর রহমান বলেন, ফাহিমা হত্যা মামলার বিচার দীর্ঘসূত্রিতার দিকে গেলে জনগণের আস্থা নষ্ট হবে। দ্রুত তদন্ত শেষ করে ১৫ দিনের মধ্যে বিচার সম্পন্নের উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি।
তিনি বলেন, একটি নিষ্পাপ শিশুকে পরিবারের সামনে থেকে নির্মমভাবে কেড়ে নেওয়া হয়েছে। এমন অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে সমাজে অপরাধ বাড়বে। ফাহিমা ও রামিসার মতো শিশুদের মর্মান্তিক পরিণতি জাতির জন্য লজ্জার বলে মন্তব্য করেন তিনি।
জামায়াত আমির অভিযোগ করেন, ঘটনার ২৮ দিন পেরিয়ে গেলেও এখনো চার্জশিট জমা হয়নি। এতে বিচারপ্রক্রিয়া নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। অপরাধের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, অপরাধীদের বিচারের আওতায় আনা সরকারের দায়িত্ব। সেই দায়িত্ব পালনে ব্যর্থতার কোনো সুযোগ নেই। জনগণ বিচার দেখতে চায়, অজুহাত নয়।
ফাহিমার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আইনি ও মানবিক সহায়তাসহ সব ধরনের সহযোগিতা করবে।
বর্তমান সরকারের ১০০ দিনের কার্যক্রম সম্পর্কে এক প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, এ বিষয়ে বিস্তারিত মূল্যায়ন জাতীয় সংসদের বাজেট অধিবেশনে তুলে ধরা হবে। তবে তিনি উল্লেখ করেন, “মানুষ যে প্রত্যাশা নিয়ে পরিবর্তন চেয়েছিল, বাস্তবে দেশ ভালো নেই।”
এ সময় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিরও সমালোচনা করেন তিনি। তার ভাষ্য, বারবার তেলের দাম বাড়ানোর ফলে পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাবে, যার প্রভাব সাধারণ মানুষের ওপরই পড়বে।



