দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৭৯ শিশু। ফলে এ রোগে ও উপসর্গজনিত কারণে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮৮ জনে।
সোমবার (১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জ, কুষ্টিয়া ও ময়মনসিংহে তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। মৃত তিন শিশুকেই হামের উপসর্গে আক্রান্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯০ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৪৯৮ শিশু। সব মিলিয়ে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৫৮৮ জনে।
একই সময়ে দেশে হামের উপসর্গ শনাক্ত হয়েছে ৭২ হাজার ৭০ শিশুর শরীরে। তাদের মধ্যে ৫৭ হাজার ৯০২ জন হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৩ হাজার ৭২২ শিশু।
এদিকে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৯ হাজার ৯৪ শিশুর শরীরে হামের সংক্রমণ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সর্বশেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ হাজার ১৭৯ শিশুর মধ্যে ৪৫ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। বাকি ১ হাজার ১৩৪ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।



