ইরানের সঙ্গে সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে কোনো ধরনের তাড়াহুড়া নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, ইরান পারমাণবিক অস্ত্র অর্জন না করার বিষয়ে সম্মতি জানিয়েছে।
রোববার (৩১ মে) মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
ট্রাম্প বলেন, দ্রুত কোনো চুক্তি সম্পন্ন করার চাপ তিনি অনুভব করছেন না। তার মতে, তাড়াহুড়া করে এমন কোনো সমঝোতা করা উচিত নয়, যা যুক্তরাষ্ট্রের স্বার্থ পুরোপুরি নিশ্চিত করতে ব্যর্থ হতে পারে।
তিনি বলেন, “অনেকে মনে করতে পারেন আমি দ্রুত চুক্তি চাই, কারণ এতে জ্বালানির দাম কমতে পারে। কিন্তু তাড়াহুড়া করলে ভালো চুক্তি করা সম্ভব নয়। ধীরে ধীরে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যের কাছাকাছি পৌঁছাচ্ছি। আর যদি তা সম্ভব না হয়, তাহলে অন্য পথও খোলা রয়েছে।”
মার্কিন প্রেসিডেন্টের ভাষ্য, আলোচনায় তার সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো—ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী না হয়।
তিনি বলেন, “আমার একমাত্র প্রয়োজনীয় নিশ্চয়তা হলো পারমাণবিক অস্ত্র থাকবে না। ইরান এ বিষয়ে সম্মত হয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।”
সম্ভাব্য চুক্তি নিয়ে আশাবাদ ব্যক্ত করে ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতায় পৌঁছানোর খুব কাছাকাছি অবস্থানে রয়েছে। তবে আলোচনায় অগ্রগতি না হলে বিকল্প পদক্ষেপ নেওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি।
তার ভাষায়, “আমরা একটি চুক্তির খুব কাছাকাছি আছি। অন্যথায় পরিস্থিতি সংঘাতের দিকেও যেতে পারে। অতীতেও আমরা এ ধরনের পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করেছি।”



