লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় একাধিক দফায় রকেট হামলা চালিয়েছে। তবে এসব হামলায় এখন পর্যন্ত কোনো হতাহত বা আহতের খবর পাওয়া যায়নি।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, গ্যালিলি প্যানহ্যান্ডেল ও একর অঞ্চলের দিকে রকেটগুলো নিক্ষেপ করা হয়। সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, কাফার গিলাদি ও মেতুলা লক্ষ্য করে ছোড়া দুটি রকেটের মধ্যে একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করে এবং অন্যটি জনবসতিহীন এলাকায় গিয়ে পড়ে।
এ ছাড়া একর অভিমুখে নিক্ষেপ করা আরেকটি রকেটও প্রতিহত করা হয়েছে। আরও কয়েকটি রকেট খোলা স্থানে আঘাত হেনেছে বলে জানিয়েছে আইডিএফ। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, এসব হামলায় কোনো ব্যক্তি আহত হননি এবং উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেনি।
অন্যদিকে, দক্ষিণ লেবাননের গুরুত্বপূর্ণ শহর নাবাতিয়েহকে ঘিরে ইসরায়েলি বাহিনী অবস্থান নিয়েছে বলে দেশটির বিভিন্ন সামরিক ও সংবাদমাধ্যম সূত্রে দাবি করা হয়েছে। এ পরিস্থিতিকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।
সামরিক সূত্রগুলোর দাবি, ২০০৬ সালের যুদ্ধের পর এই প্রথম ইসরায়েলি সেনারা লিতানি নদী অতিক্রম করেছে। দীর্ঘদিন ধরে ইসরায়েল নদীটিকে একটি অনানুষ্ঠানিক বাফার জোনের সীমারেখা হিসেবে বিবেচনা করে আসছিল।
বর্তমানে ইসরায়েলি বাহিনী নাবাতিয়েহ শহরের উপকণ্ঠে অবস্থান করছে বলে জানা গেছে। দক্ষিণ লেবাননের অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত শহরটি হিজবুল্লাহ-প্রভাবিত শিয়া জনগোষ্ঠীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে বিবেচিত।
সূত্র: টাইমস অব ইসরায়েল



