প্রায় তিন মাস বন্ধ থাকার পর আন্তর্জাতিক ইন্টারনেট সংযোগ পুনরায় চালুর নির্দেশ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
সোমবার (২৫ মে) প্রকাশিত এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইরানের যোগাযোগ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের এক কর্মকর্তার বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে ঠিক কবে থেকে এবং কীভাবে পুরোপুরি আন্তর্জাতিক ইন্টারনেট চালু হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ইন্টারনেট ব্যবহারে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। ইন্টারনেট পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান নেটব্লকস জানিয়েছে, গত ৮৭ দিন ধরে দেশটির অধিকাংশ নাগরিক বৈশ্বিক ইন্টারনেট ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিত ছিলেন। কেবল সীমিতসংখ্যক মানুষ ব্যয়বহুল ও উন্নত ভিপিএনের মাধ্যমে আংশিক সংযোগ ব্যবহার করতে পেরেছেন।
প্রথমে গত ৮ জানুয়ারি সরকারবিরোধী বিক্ষোভের পর ইন্টারনেট সীমিত করা হয়। পরে ফেব্রুয়ারিতে কিছুটা স্বাভাবিক পরিস্থিতি ফিরলেও ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর আবারও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়।
ইরানে স্বাভাবিক সময়েও আন্তর্জাতিক ইন্টারনেট ব্যবহারে ব্যাপক সেন্সরশিপ ও নিয়ন্ত্রণ বজায় থাকে। বহু ওয়েবসাইট দেশটিতে নিষিদ্ধ। পাশাপাশি সরকার ধীরে ধীরে অভ্যন্তরীণ নেটওয়ার্কভিত্তিক সেবার ওপর নির্ভরতা বাড়াচ্ছে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখন অনলাইন পাঠক্রম পরিচালনায় দেশীয় নেটওয়ার্ক ব্যবহার করছে।



