tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিভারতে সংখ্যালঘু মুসলমানদের ওপর হামলা ধর্মীয় স্বাধীনতার পরিপন্থি : হেফাজতের আমির

ভারতে সংখ্যালঘু মুসলমানদের ওপর হামলা ধর্মীয় স্বাধীনতার পরিপন্থি : হেফাজতের আমির

পশ্চিমবঙ্গ ও আসামে নির্বাচন-পরবর্তী সহিংসতায় সংখ্যালঘু মুসলমানদের ওপর হামলার ঘটনাকে ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

সোমবার (১১ মে) চট্টগ্রামের হাটহাজারীতে পশ্চিমবঙ্গ ও আসামে মুসলমানদের ওপর হামলা ও সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর হামলা কোনো সভ্য, গণতান্ত্রিক ও বহুত্ববাদী রাষ্ট্রব্যবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না।’

আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী অভিযোগ করেন, এসব সহিংস ঘটনায় উগ্রপন্থি বিজেপি সমর্থকদের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। দ্রুত এ ধরনের নির্যাতন বন্ধ না হলে ভারতের সামাজিক স্থিতিশীলতা ও অখণ্ডতা হুমকির মুখে পড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কিছু উসকানিমূলক বক্তব্য মুসলমানদের ওপর হামলার পরিবেশ তৈরিতে ভূমিকা রেখেছে। ‘নির্বাচনে জয়ের পর তিনি বলেছেন, মুসলমানরা তাকে ভোট দেয়নি। এ ধরনের বক্তব্য সাম্প্রদায়িক বিদ্বেষ উসকে দেয় এবং হামলাকারীদের উৎসাহিত করে। একজন দায়িত্বশীল নেতার কাছ থেকে এমন বক্তব্য অনাকাঙ্ক্ষিত,’ বলেন তিনি।

ভারতে মুসলমানদের ওপর চলমান নির্যাতনের ঘটনায় আনুষ্ঠানিক নিন্দা জানাতে এবং কূটনৈতিকভাবে কার্যকর উদ্যোগ নিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান হেফাজতের আমির। একই সঙ্গে ভারত সরকারের কাছে সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানান তিনি।

এ ঘটনার প্রতিবাদে আগামী শুক্রবার চট্টগ্রাম মহানগরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম।

হেফাজতে ইসলাম বাংলাদেশের মুফতি মোহাম্মদ আলী কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদরীস, সহকারী মহাসচিব মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী, উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা এমরান সিকদার ও মাওলানা কামরুল ইসলামসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।