লেবাননের দক্ষিণাঞ্চলীয় জিবদিন গ্রামে ইসরাইলি বাহিনীর ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। সোমবার (১১ মে) সংঘটিত এ হামলায় আরও এক সিরীয় নাগরিক প্রাণ হারান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
দক্ষিণ লেবাননে অবস্থানরত সংবাদদাতাদের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, জিবদিন গ্রামের একটি বাড়িকে লক্ষ্য করে ইসরাইলি ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। হামলার সময় নিহতরা বাড়ির ভেতরে অথবা আশপাশে কাজ করছিলেন।
বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। একই দিনে জিবদিন গ্রামে এটি ছিল ইসরাইলি বাহিনীর দ্বিতীয় হামলা।
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার মধ্যেই এ ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তবে নিহত দুই বাংলাদেশির নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
সাম্প্রতিক সময়ে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরাইলি বিমান ও ড্রোন হামলা বেড়েছে। এসব হামলায় সাধারণ বেসামরিক নাগরিকের পাশাপাশি বিদেশি শ্রমিকরাও হতাহত হচ্ছেন।
সূত্র: L’Orient Today



