উপকূলীয় সুন্দরবনে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে জলদস্যুদের তৎপরতা। গত দুই দিনে সাতক্ষীরা রেঞ্জের বিভিন্ন নদী ও খাল থেকে ২২ জন জেলেকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এদের মধ্যে পাঁচজনকে মারধরের পর মুক্তিপণ পাঠানোর শর্তে ছেড়ে দেওয়া হলেও, বাকি ১৭ জন এখনো জিম্মি রয়েছেন।
রোববার (৩ মে) সকাল থেকে সোমবার (৪ মে) সন্ধ্যা পর্যন্ত সুন্দরবনের চুনকুড়ি, মালঞ্চ নদীর আগা, চালতে বেড়ে, মাইটভাঙা ও পশুরতলা খাল এলাকা থেকে অস্ত্রের মুখে জেলেদের তুলে নেওয়া হয়। ভুক্তভোগীদের স্বজনরা অপহরণের জন্য স্থানীয় জলদস্যু আলিম ও নানাভাই বাহিনীকে দায়ী করছেন।
অপহৃত জেলেরা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ, রমজাননগর ও ঈশ্বরীপুর ইউনিয়নের বাসিন্দা। এ ঘটনায় সুন্দরবনসংলগ্ন হরিনগর, কদমতলা, মরাগাং, চুনকুড়ি ও মথুরাপুর এলাকার জেলেদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
অপহৃতদের মধ্যে রয়েছেন—মোমনি ফকির (৩০), মুর্শিদ আলম (৪০), ইসমাইল শেখ (২৮), আব্দুল করিম (৪৮), আব্দুস সামাদ (৪০), মনোহর সরকার (৩৪), আল মামুন (১৬), হুমায়ুন (২৬), মনিরুল (২৫), রবিউল (৩০), সঞ্জয় (৫২), আল আমিন (৩৭), শাহাজান (৫০), আবুল বাসার বাবু (৩৫), রেজাউল (৩৫), আব্দুস সালাম (৫৫) ও আবুল কালাম (৪০)।
অন্যদিকে, মুক্তিপণের শর্তে ছাড়া পাওয়া পাঁচ জেলে হলেন—ধ্রুব সরকার (৩৮), হৃদয় মণ্ডল (৫৩), সবুর গাইন (৫০), সাইফুল ইসলাম (৩২) ও ইউনুস আলী (২৬)।
অপহৃতদের পরিবার ও মহাজনদের ভাষ্য অনুযায়ী, চার থেকে পাঁচ দিন আগে কদমতলা ও কৈখালী স্টেশন থেকে বৈধ পাশ নিয়ে জেলেরা মাছ ও কাঁকড়া ধরতে সুন্দরবনে প্রবেশ করেন। পরে বিভিন্ন খালে ছড়িয়ে মাছ ধরার সময় জলদস্যুরা অস্ত্রের মুখে তাদের অপহরণ করে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্বজন জানান, এখনো পর্যন্ত জলদস্যুরা নির্দিষ্ট কোনো মুক্তিপণের অঙ্ক জানায়নি। তবে মোবাইল নেটওয়ার্কের আওতায় এলেই তারা যোগাযোগ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অপহৃতদের দ্রুত ও নিরাপদে ফিরিয়ে আনতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
ফিরে আসা জেলেদের অভিযোগ, দস্যুরা লোকালয়ের কাছাকাছি এলাকা থেকেও জেলেদের ধরে নিয়ে যাচ্ছে এবং তাদের ওপর নির্যাতন চালাচ্ছে। এতে সুন্দরবনে মাছ ধরতে যাওয়া জেলেদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মশিউর রহমান জানান, জেলেদের অপহরণের বিষয়টি কোস্টগার্ডকে অবহিত করা হয়েছে এবং দ্রুত বড় পরিসরে অভিযান পরিচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
শ্যামনগর থানার ওসি মো. খালেদুর রহমান বলেন, এখনো কোনো পরিবার আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেনি। তবে বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জলদস্যুদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।
ঘটনাটি নতুন করে সুন্দরবন অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি করেছে। স্থানীয়দের দাবি, নিয়মিত অভিযান ও টহল জোরদার না করলে জেলেদের জীবিকা ও নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।



