tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকভবনে আগুন, ছাদের দরজা বন্ধ থাকায় প্রাণ গেল ৯ জনের

ভবনে আগুন, ছাদের দরজা বন্ধ থাকায় প্রাণ গেল ৯ জনের

ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। ছাদে যাওয়ার দরজা বন্ধ থাকায় অনেকেই বের হতে না পেরে প্রাণ হারান।

রোববার (৩ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির বিবেক বিহার এলাকায় একটি চারতলা আবাসিক ভবনে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বাসিন্দারা নিরাপদে বের হওয়ার সুযোগ পাননি। অনেকেই ভবনের ভেতরে আটকে পড়েন। একদিকে লোহার গ্রিল এবং অন্যদিকে ছাদের দরজা তালাবদ্ধ থাকায় পালানোর পথ কার্যত বন্ধ হয়ে যায়।

এনডিটিভি জানায়, ভবনটির নকশাগত ত্রুটিই উদ্ধারকাজে বড় বাধা হয়ে দাঁড়ায়। বেজমেন্টসহ চারতলা ভবনটিতে ছিল মাত্র একটি সিঁড়ি এবং কোনো জরুরি নির্গমন পথ ছিল না। আগুন পেছন দিক থেকে ছড়িয়ে পড়ায় সেদিক দিয়েও বের হওয়া সম্ভব হয়নি। গ্রিল দিয়ে আটকে থাকা অংশ এবং সংকীর্ণ প্রবেশপথ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

আগুন ছড়িয়ে পড়ার পর কেউ কেউ ধোঁয়ায় ভরা করিডোর পেরিয়ে ছাদে ওঠার চেষ্টা করেন। কিন্তু ছাদের দরজা বন্ধ থাকায় তারা আর বের হতে পারেননি। তীব্র ধোঁয়া ও উচ্চ তাপমাত্রায় অনেকেই শ্বাসরুদ্ধ হয়ে মারা যান।

সংবাদমাধ্যমটি আরও জানায়, ভোর সাড়ে তিনটার দিকে আগুনের সূত্রপাত হয়, যখন অধিকাংশ বাসিন্দাই ঘুমিয়ে ছিলেন। পরে আগুন পাশের ভবনেও ছড়িয়ে পড়ে। দুই ভবনের মাঝখানে পর্যাপ্ত ফাঁকা জায়গা না থাকায় আগুন দ্রুত বিস্তার লাভ করে।

ভুক্তভোগীদের স্বজনরা জানান, ভবনের ভেতরে আটকে পড়া নারী ও শিশুদের আর্তচিৎকার শোনা যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা বলেন, জীবন বাঁচাতে দুই শিশু ভবনের সামনের দিক থেকে লাফ দেওয়ার চেষ্টা করেছিল।