জ্বালানির সংকট না থাকলে রাস্তায় লম্বা লাইন কেন—এমন প্রশ্ন তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।
রোববার (১৯ এপ্রিল) ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ প্রশ্ন উত্থাপন করেন।
রুমিন ফারহানা বলেন, দেশে যদি জ্বালানির কোনো সংকট না থাকে, তাহলে রাস্তায় এত দীর্ঘ লাইন কেন দেখা যাচ্ছে? কেন হঠাৎ করে জ্বালানির দাম বাড়াতে হচ্ছে? কেন অফিস-আদালতের সময়সূচি পরিবর্তনের প্রয়োজন পড়ছে?—এই প্রশ্নগুলো স্বাভাবিকভাবেই উঠে আসে।
তিনি বলেন, “কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল যে, কাদম্বিনী মরে নাই”—এ কথার মতোই পরিস্থিতি দাঁড়িয়েছে। শেষ পর্যন্ত জ্বালানির দাম বাড়ানো হয়েছে। কিন্তু তার আগে দেশের বিভিন্ন স্থানে কয়েক কিলোমিটারজুড়ে তেলের জন্য দীর্ঘ লাইন দেখা গেছে। গভীর রাত পর্যন্ত চালকদের অপেক্ষা করতে হয়েছে, তবুও তারা তেল পাননি। অথচ এ বিষয়ে সরকারের দৃশ্যমান কোনো তৎপরতা নেই।
তিনি আরও বলেন, মন্ত্রীরা সংসদে বা গণমাধ্যমে প্রায়ই দাবি করেন, দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই। কিন্তু বাস্তবে পাম্পে গেলে দেখা যায় ভিন্ন চিত্র—তিন কিলোমিটার পর্যন্ত লম্বা লাইন। এটি সাধারণ মানুষের সঙ্গে বাস্তবতার স্পষ্ট অসামঞ্জস্য তুলে ধরে।
সরকারের কিছু সিদ্ধান্তের কথাও উল্লেখ করেন তিনি। এর মধ্যে সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্তকে ‘চমৎকার’ বললেও তিনি বলেন, দেশের বেশিরভাগ কেনাকাটা সন্ধ্যার পরেই হয়ে থাকে। এছাড়া অফিস-আদালতের কর্মদিবস পাঁচ দিন থেকে কমিয়ে চার বা তিন দিনে আনার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।
শেষে তিনি বলেন, স্পিকারের মাধ্যমে তিনি সংসদের কাছে জানতে চান—দেশে বর্তমানে কত দিনের অকটেন ও ডিজেলের মজুত রয়েছে, তা কতদিন চলবে এবং কেন পেট্রোল পাম্পগুলো পর্যাপ্ত জ্বালানি পাচ্ছে না—এসব বিষয়ে সরকারকে স্পষ্ট তথ্য দিতে হবে।



