tanaka
প্রচ্ছদসারাদেশ‘শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী’ পুলিশ কর্মকর্তা নিজেই মাদক পাচারে জড়িত!

‘শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী’ পুলিশ কর্মকর্তা নিজেই মাদক পাচারে জড়িত!

চট্টগ্রামের লোহাগাড়ার চুনতিতে ৪৮ বোতল ফেনসিডিলসহ পুলিশের তিন সোর্স আটক হওয়ার ঘটনায় অভিযুক্ত এসআই কামাল হোসেনকে লোহাগাড়া থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে পুলিশ লাইনে যুক্ত করা হয় বলে নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার তদন্ত কর্মকর্তা পরিদর্শক রবিউল আলম খান।

উল্লেখ্য, এসআই কামাল হোসেন চলতি বছরের ২২ এপ্রিল চট্টগ্রাম জেলার “শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার” হিসেবে পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর কাছ থেকে পুরস্কৃত হয়েছিলেন।

পরিদর্শক রবিউল আলম জানান, এসআই কামালের বিরুদ্ধে তদন্ত চলছে এবং প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বাজার এলাকায় তিনজনকে ফেনসিডিল পাচারের সময় স্থানীয় জনতা আটক করে। পরে তাদের সেনাবাহিনীর হাতে সোপর্দ করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৮ বোতল ফেনসিডিল এবং পাচারে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

আটককৃতরা হলেন—আমিরাবাদ ৭নং ওয়ার্ডের সুখছড়ি এলাকার রমিজ উদ্দিন (৩৫), লোহাগাড়া সদরের নাজিম উদ্দিন (৪৫), এবং মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার তাজুল ইসলাম (৪৯)।

তাদের মধ্যে রমিজ উদ্দিন দাবি করেন, তারা তিনজনই পুলিশের সোর্স এবং জব্দকৃত ফেনসিডিল এসআই কামাল হোসেনই তাদের দিয়েছিলেন। এসআই কামাল এসব ফেনসিডিল পার্বত্য লামা উপজেলার আজিজ নগরে পৌঁছে দিতে বলেছিলেন বলে জানান তিনি।

রমিজ আরও দাবি করেন, এসআই কামাল একটি পেছনের প্রাইভেটকারে ছিলেন এবং সেই গাড়িতে ইয়াবাও ছিল। সামনের গাড়িটি আটক হওয়ার সঙ্গে সঙ্গে তিনি পেছনের গাড়ি থেকে পালিয়ে যান।

স্থানীয় ছাত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, লোহাগাড়া থানা পুলিশের কিছু সদস্য মাদক উদ্ধার করলেও তা আদালতে উপস্থাপন না করে পাচারে জড়িত থাকার গুজব তারা আগেও শুনেছেন।

বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলার শিক্ষার্থীরা বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযানে অংশ নেন। বিকাল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা চুনতি বাজার এলাকায় অবস্থান করে তারা অবশেষে পুলিশের সোর্সদের ফেনসিডিলসহ আটক করতে সক্ষম হন।