tanaka
প্রচ্ছদজাতীয়পহেলা বৈশাখে রাজধানীজুড়ে নিরাপত্তার চাদর, ১৪ স্থানে ব্যারিকেড

পহেলা বৈশাখে রাজধানীজুড়ে নিরাপত্তার চাদর, ১৪ স্থানে ব্যারিকেড

দুই যুগেরও আগের ঘটনা। ২০০১ সালের ১৪ এপ্রিল। দিনটি ছিল বাংলার মানুষের নতুন বছর ১৪০৮ বঙ্গাব্দকে বরণ করে নেওয়ার দিন। সকাল থেকেই চলছিল নতুন বছরকে বরণের সব আয়োজন। ঢাকার রমনা বটমূলে ছায়ানটের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে চলছিল বর্ষবরণ। সকালবেলায় হাজারো মানুষ যখন গান ও সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করছিল, তখন হঠাৎ ঘটে ভয়াবহ বোমা বিস্ফোরণ।

ওই হামলায় প্রাণ হারানো ও আহতের তালিকাও ছিল বেশ বড়। তদন্তে জানা যায়, এই হামলার সঙ্গে জড়িত ছিল উগ্রপন্থি সংগঠন ‘হরকাত-উল-জিহাদ আল-ইসলামী বাংলাদেশ’ বা হুজি। এই ঘটনা দেশের ইতিহাসে একটি বড় সন্ত্রাসী হামলা হিসেবে চিহ্নিত, যা দেশের অসাম্প্রদায়িক সংস্কৃতির ওপর আঘাত হিসেবে বিবেচিত হয়।ওই ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তায় অনুষ্ঠিত হয়ে আসছে বাংলা বর্ষবরণ অনুষ্ঠান। প্রতিবারের মতো এবারও রাজধানীর রমনা বটমূলে বর্ষবরণ ঘিরে থাকছে কড়া নিরাপত্তা।

দুই যুগ আগের রমনা বটমূলে বোমা হামলার ভয়াবহতার স্মৃতি মাথায় রেখেই রমনা বটমূলে এবারের পহেলা বৈশাখ উদযাপন ঘিরে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। সম্ভাব্য যে কোনো অপচেষ্টা মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে র‌্যাবের হেলিকপ্টার, পাশাপাশি ইউনিফর্মধারী সদস্যদের ফুট পেট্রোল ও টহলকে ভাগ করে জোরদার করা হয়েছে নজরদারি।আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, নববর্ষ ঘিরে নির্দিষ্ট কোনো হামলার শঙ্কা না থাকলেও সতর্কতায় কোনো ঘাটতি রাখা হচ্ছে না। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য জারি করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, র‌্যাব ও পুলিশের বিভিন্ন নির্দেশনা ও নিষেধাজ্ঞা। এর সঙ্গে প্রস্তুত থাকছে ফায়ার সার্ভিসের টিম এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও থাকবে সার্বক্ষণিক সক্রিয়। এদিকে রমনার বটমূলে নিরাপত্তা নিশ্চিতের এই প্রস্তুতির সরেজমিনে আইনশৃঙ্খলা বাহিনীর বেশ তোড়জোড় ভূমিকাও দেখা গেছে।

রোববার (১২ এপ্রিল) সরেজমিনে রমনা বটমূল ঘুরে দেখা গেছে, পুরো বটমূল এলাকা নিরাপত্তা চাদরে ঘিরে ফেলা হয়েছে। অনুষ্ঠানস্থল ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পর্যাপ্ত সিসিটিভি প্রতিস্থাপনের মাধ্যমে চারদিকে রাখা হয়েছে নজরদারির ব্যবস্থা। বাঁশ দিয়ে ঘেরা হয়েছে অনুষ্ঠানস্থল। চারদিকে রয়েছে র‍্যাবের ওয়াচ টাওয়ারের মাধ্যমে নজরদারির ব্যবস্থা। রয়েছে কন্ট্রোল রুমসহ প্রাথমিক অসুস্থতায় চিকিৎসা দানের ব্যবস্থাও।বর্ষবরণ উপলক্ষে রমনার বটমূল ঘিরে নিরাপত্তার বিষয়ে রোববার (১২ এপ্রিল) বিকেলে বটমূলে নিরাপত্তা মহড়া পরিদর্শন করেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সারোয়ার।

তিনি বলেন, ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে বিপুল মানুষের সমাগম হবে। যেন সব শ্রেণি-পেশার মানুষ নির্বিঘ্নে উৎসব উপভোগ করতে পারে, সেজন্য ডিএমপি ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে।নববর্ষের অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরো ঢাকা মহানগরীকে ৯টি সেক্টর ও ১৪টি সাব-সেক্টরে ভাগ করা হয়েছে। প্রতিটি এলাকায় ইউনিফর্ম ও সাদা পোশাকে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল টিম দিয়ে সুইপিং করা হবে।কমিশনার আরও বলেন, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪টি স্থানে ব্যারিকেড বসানো হবে। প্রতিটি প্রবেশপথে আর্চওয়ে ও হ্যান্ড মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হবে।তিনি আরও জানান, সিসিটিভি, ভিডিও ক্যামেরা, স্টিল ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি থাকবে। পাশাপাশি পর্যবেক্ষণ টাওয়ার ও রুফটপে বিশেষ ফোর্স মোতায়েন থাকবে।

ইভটিজিং ও অপরাধ দমনে বিশেষ টিম

ইভটিজিং, ছিনতাই ও পকেটমার প্রতিরোধে সাদা পোশাকে বিশেষ টিম কাজ করবে। এছাড়া হকারদের অনিয়ন্ত্রিত প্রবেশ ঠেকাতেও থাকবে আলাদা নজরদারি। সামাজিকযোগাযোগ মাধ্যমে অপপ্রচার বা গুজব ঠেকাতে সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

ছায়ানটের অনুষ্ঠান ও শোভাযাত্রায় বিশেষ ব্যবস্থা

রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান সকাল ৬টা ১৫ মিনিট থেকে ৮টা ২৫ মিনিট পর্যন্ত চলবে। নির্ধারিত কয়েকটি গেট দিয়ে প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থা থাকবে এবং নারী-পুরুষ ও শিল্পীদের জন্য আলাদা গেট নির্ধারণ করা হয়েছে।