tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকবেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হলেন প্রণয় ভার্মা

বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হলেন প্রণয় ভার্মা

বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেলেন প্রণয় ভার্মা। বর্তমানে বাংলাদেশে নিযুক্ত এই হাইকমিশনার শিগগিরই তার নতুন দায়িত্বভার গ্রহণ করবেন।

শুক্রবার (১০ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২০২২ সালের আগস্টে ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন প্রণয় ভার্মা। এর আগে তিনি ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

ভারতীয় পররাষ্ট্র সার্ভিসের ১৯৯৪ ব্যাচের এই অভিজ্ঞ কর্মকর্তা কর্মজীবনে হংকং, স্যান ফ্রান্সিসকো, বেইজিং, কাঠমান্ডু ও ওয়াশিংটন ডিসিতে ভারতীয় মিশনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালের জুলাইয়ে হ্যানয়ে রাষ্ট্রদূত হওয়ার আগে তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া বিভাগের যুগ্ম সচিব হিসেবে কর্মরত ছিলেন।

কূটনৈতিক দায়িত্বের পাশাপাশি তিনি ভারতের পরমাণু নীতি প্রণয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ২০১৭ সাল পর্যন্ত তিনি পরমাণু শক্তি বিভাগের যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেন এবং এ সময়ে পরমাণু কূটনীতি সংক্রান্ত বিষয়গুলো তত্ত্বাবধান করেন।

যন্ত্রকৌশলে স্নাতক ডিগ্রিধারী প্রণয় ভার্মা ফরেন সার্ভিসে যোগ দেওয়ার আগে টাটা স্টিলে কর্মজীবন শুরু করেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের মিডলবারি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজ থেকে চীনা ভাষায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।