যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির আওতায় লেবাননকেও অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার। তিনি বলেন, ইসরাইল লেবাননে প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে, তাই এই অঞ্চলকেও যুদ্ধবিরতির আওতায় আনা জরুরি। খবর রয়টার্সের।
কুপার আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিদিয়ে জাহাজ চলাচল টোলমুক্ত ও নিরাপদ রাখতে হবে।
এর আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ একই ধরনের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যে হওয়া যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত বলে তার সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে।
ব্রিসবেনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই যুদ্ধবিরতিকে ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হিসেবে উল্লেখ করলেও এটিকে এখনো ‘ভঙ্গুর শান্তি’ বলে আখ্যা দেন। তার মতে, এটি একটি স্থায়ী চুক্তিতে পরিণত হওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, লেবাননের পরিস্থিতি নিয়ে অনেক অস্ট্রেলিয়ান উদ্বিগ্ন এবং এর প্রভাব শুধু ওই দেশেই সীমাবদ্ধ নয়, বরং বিশ্বব্যাপী প্রতিফলিত হচ্ছে।



