দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাবের মধ্যে শিশুদের স্বাস্থ্য নিয়ে চরম উদ্বেগে রয়েছেন অভিভাবকরা। তবে এ পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট দিকনির্দেশনার অভাবে তারা দিশেহারা হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।
সোমবার (৬ এপ্রিল) রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় আয়োজিত এক প্যানেল আলোচনায় তিনি এসব কথা বলেন। ‘কোয়ালিশন ফর অ্যাডভান্সিং ইক্যুয়ালিটি অ্যান্ড জাস্টিস’ নামের সাতটি বেসরকারি উন্নয়ন সংস্থার জোট ‘সমতা, ন্যায়বিচার প্রতিষ্ঠায় নতুন সরকারের প্রতিশ্রুতি, বাস্তবতা ও ভবিষ্যৎ’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে।
তাসনিম জারা বলেন, হামের উপসর্গ দেখা দিলে অভিভাবকরা বুঝতে পারছেন না ঠিক কখন চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত—জ্বর দেখা দিলেই, নাকি র্যাশ ওঠার পর। কোথায় চিকিৎসা নেবেন—উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, নাকি জেলা হাসপাতালে—সেটিও পরিষ্কার নয়। এমনকি আক্রান্ত শিশুকে বাসায় আলাদা রেখে চিকিৎসা করবেন, নাকি হাসপাতালে নিয়ে যাবেন, সে বিষয়েও রয়েছে অনিশ্চয়তা।
তিনি আরও বলেন, আক্রান্ত শিশুকে ভিটামিন ‘এ’ দেওয়ার জন্য হাসপাতালে নিলে সেখান থেকে অন্য শিশুদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়। কিন্তু এ বিষয়ে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে স্পষ্ট কোনো নির্দেশনা নেই। ফলে অভিভাবকরা এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন, যা সংক্রমণ আরও বাড়িয়ে দিতে পারে। এবারের প্রাদুর্ভাব আমাদের জনস্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতাকেই সামনে নিয়ে এসেছে।
তথ্যের ঘাটতিকে সবচেয়ে বড় সমস্যা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, কোনো প্রাদুর্ভাব মোকাবিলায় সঠিক ও সময়োপযোগী তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দেশে এখনো হামে আক্রান্ত, হাসপাতালে ভর্তি, সুস্থ হওয়া বা মৃত্যুর নির্ভরযোগ্য পরিসংখ্যান পাওয়া যাচ্ছে না। জনগণ শঙ্কিত হবে নাকি আশ্বস্ত হবে—তা অনেকটাই নির্ভর করে তথ্যের ওপর। অথচ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনেও সাংবাদিকদের প্রশ্নের পর সঠিক তথ্য না পাওয়ায় হতাশা বাড়ছে।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহেদ উর রহমান, ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব সাগুফতা বুশরা মিশমা।



