tanaka
প্রচ্ছদজাতীয়বোয়িং থেকে বিমান ভাড়া নিতে আগ্রহী সরকার

বোয়িং থেকে বিমান ভাড়া নিতে আগ্রহী সরকার

যুক্তরাষ্ট্রভিত্তিক উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে বিমান ভাড়া নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে সরকার। সোমবার (৬ এপ্রিল) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিন সকালে বিমান প্রতিমন্ত্রী আফরোজা খানমের দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিঘি। এ সময় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতও উপস্থিত ছিলেন। বৈঠকে বিগত অন্তর্বর্তী সরকারের সঙ্গে বোয়িং থেকে উড়োজাহাজ কেনার চুক্তির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

একই সঙ্গে দেশের বর্তমান চাহিদা মেটাতে বোয়িং থেকে উড়োজাহাজ লিজ নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি দ্রুত সময়ের মধ্যে লিজ কার্যক্রম এগিয়ে নেওয়ার তাগিদ দেন।

জবাবে পল রিঘি জানান, বোয়িংয়ের ‘ন্যারো বডি’ এয়ারক্রাফট—বিশেষ করে বোয়িং ৭৩৭ সিরিজ—বাংলাদেশকে লিজ দেওয়ার বিষয়ে প্রতিষ্ঠানটি আগ্রহী।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আধুনিকায়ন ও সক্ষমতা বাড়ানোর বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে সরকার বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কেনার প্রক্রিয়া চূড়ান্ত করার দিকেও এগোচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, বোয়িংয়ের প্রথম উড়োজাহাজটি ২০৩১ সালের অক্টোবর মাসে বাংলাদেশকে হস্তান্তর করা হতে পারে।