শিক্ষকদের জন্য অন্যান্য পেশা থেকে আলাদা একটি স্বতন্ত্র পে-স্কেল নির্ধারণের প্রস্তাব দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার ময়মনসিংহের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রসচিবদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের আর্থিক সুবিধা অন্যান্য পেশার সঙ্গে তুলনা করে নির্ধারণ করা সমীচীন নয়। এ ধরনের তুলনা বিভিন্ন জটিলতা সৃষ্টি করতে পারে, যা পরবর্তীতে মামলা-মোকদ্দমা বা আন্দোলনের রূপ নিতে পারে।
তিনি আরও বলেন, শিক্ষকদের জন্য একটি স্বতন্ত্র পে-স্কেল চালু করা সময়ের দাবি। এই স্কেলটি অন্য যেকোনো পে-স্কেল থেকে সম্পূর্ণ আলাদা হবে—তা উচ্চ বা নিম্ন যাই হোক না কেন, মূল বিষয় হলো এর স্বকীয়তা নিশ্চিত করা।



