tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকএবার পুরো ইরান ধ্বংসের হুমকি ট্রাম্পের

এবার পুরো ইরান ধ্বংসের হুমকি ট্রাম্পের

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই দেশটিকে ‘সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার’ হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৫ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

প্রতিবেদনে বলা হয়, দ্রুত কোনো শান্তি চুক্তি না হলে ইরানের ওপর ব্যাপক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তার ভাষায়, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সমঝোতা না হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।

সাক্ষাৎকারে ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়, ইরানকে দেওয়া আগের দুই থেকে তিন সপ্তাহের সময়সীমা এখনও বহাল আছে কি না। জবাবে তিনি বলেন, ‘কয়েক সপ্তাহ নয়, এটি কয়েক দিনের মধ্যেই হওয়া উচিত।’ একই সঙ্গে তিনি দাবি করেন, ইরান ইতোমধ্যেই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এবং সময়ের সঙ্গে পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে।

তিনি আরও বলেন, ইরানকে প্রতিনিয়ত নতুন করে সেতু, বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ করতে হচ্ছে এবং সামগ্রিকভাবে দেশটির ক্ষয়ক্ষতি ব্যাপক।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর কিছুদিন পর ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করে। দেশটি জানায়, হামলাকারীদের সঙ্গে সংশ্লিষ্ট কোনো জাহাজ এই গুরুত্বপূর্ণ নৌপথ ব্যবহার করতে পারবে না।

এরপর থেকে প্রণালিটি পুনরায় খুলে দিতে একাধিকবার আলটিমেটাম দিয়েছেন ট্রাম্প। অন্যথায় ইরানের বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলার হুমকিও দিয়েছেন তিনি।