সারাদেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। শুক্রবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের অর্জিত ও নৈমিত্তিক ছুটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।
এতে আরও উল্লেখ করা হয়েছে, জরুরি পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং হামের টিকাদান কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে স্বাস্থ্য অধিদপ্তর ও এর অধীনস্থ সব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি আপাতত কার্যকর থাকবে না।
সম্প্রতি ময়মনসিংহ, কুমিল্লা ও রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলায় হামের প্রকোপ উদ্বেগজনকভাবে বেড়েছে। আক্রান্ত শিশুদের নিয়ে হাসপাতালগুলোতে ভিড় করছেন অভিভাবকরা। এমন পরিস্থিতিতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হলো।



