হুতি পক্ষের একজন কর্মকর্তা জানিয়েছেন, লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালিটি বন্ধ করা তাদের বিকল্প পরিকল্পনার মধ্যে রয়েছে, যা তেলের রপ্তানি স্থগিত করতে পারে। হুতিদের তথ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মদ মানসুর বলেন, ইয়েমেন ও আফ্রিকার হর্ন অঞ্চলের মধ্যে অবস্থিত এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ দিয়ে জাহাজ চলাচল বন্ধের সম্ভাবনা আছে।
প্রণালিটি সবচেয়ে সরু জায়গায় মাত্র ২৬ কিলোমিটার (১৬ মাইল) প্রশস্ত এবং লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করে। বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত তেলের প্রায় ১২ শতাংশ এই পথে চলে। অন্যদিকে, হরমুজ প্রণালি স্বাভাবিক সময়ে বিশ্বের তেলের প্রায় ২০ শতাংশ পরিবহন করে এবং ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। যদি হুতিরা বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে দেয়, তাহলে বিশ্বের তেলের সরবরাহের প্রায় ৩২ শতাংশ (২০ + ১২) বিঘ্নিত হবে।
এককভাবে হরমুজ প্রণালি বন্ধ হওয়ার প্রভাবও বিশ্ববাজারে বিশাল অসন্তোষ সৃষ্টি করেছে। মান্দেব প্রণালি বন্ধ হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। ইরানের হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের পর সৌদি আরব পূর্ব-পশ্চিম পাইপলাইনের মাধ্যমে বিকল্প পথে তেল রপ্তানি চালিয়ে আসছে, যা তেলের দাম নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
মানসুর বলেন, প্রণালি বন্ধের বিষয়টি তাদের বিবেচনায় রয়েছে, কারণ এটি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত। তিনি ইঙ্গিত দিয়েছেন, খুব শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হতে পারে। হুতিরা যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়াতে এই কৌশল ব্যবহার করতে পারে।



