ঈদুল ফিতরের দিন ঈদগাহ ও মসজিদে মুসল্লিরা দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখতে সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। এদিন চাঁদ দেখা গেলে শুক্রবার (২০ মার্চ) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। চাঁদ দেখা না গেলে ঈদ হবে শনিবার (২১ মার্চ)।
তবে চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার ঈদুল ফিতর উদযাপন করবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো। অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। তাই বলা যায়, বাংলাদেশে আগামী শনিবার ঈদ উদযাপন হতে পারে।প্রতি বছরের মতো এবারও রাজধানীতে হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হবে পরপর পাঁচটি ঈদ জামাত। রাজধানীতে কখন কোথায় ঈদ জামাত তা একনজরে দেখে নিন।
জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
ঈদুল ফিতর উপলক্ষে দেশের প্রধান ঈদ জামাত সকাল সাড়ে ৮টায় হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক জাতীয় ঈদগাহে ইমামতি করবেন। বিকল্প ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী প্রস্তুত থাকবেন।
ঈদের প্রধান জামাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিদের অংশ নেওয়ার কথা রয়েছে।
বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত
প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৭টা, সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টা ও সকাল ১০টা ৪৫ মিনিটে পর্যায়ক্রমে এসব জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।



