গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) বাংলা বিভাগের এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, ঘটনার আগে তিনি স্বামীকে একটি কক্ষে আটকে রেখে নিজে অন্য কক্ষে আত্মহত্যা করেন।
সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার দিকে গোপালগঞ্জ শহরের ঘোনাপাড়া এলাকায় নিজ বাসায় এ ঘটনা ঘটে। পরে স্বামী ও স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়।
নিহত শিক্ষার্থীর নাম দীপা দাস। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, দাম্পত্য কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দীপা দাস স্বামীকে একটি কক্ষে আটকে রেখে পাশের কক্ষে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে স্বামী বাড়ির দারোয়ান ও আশপাশের লোকজনকে ডেকে এনে দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক জাকিয়া সুলতানা মুক্তা জানান, ঘটনার খবর পেয়ে শিক্ষকরা হাসপাতালে গিয়ে মরদেহ দেখেছেন। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
দীপার সহপাঠী রিফাত ইসলাম বলেন, তিনি অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিলেন। দাম্পত্য কলহের কারণেই এ ঘটনা ঘটেছে বলে তারা জানতে পেরেছেন। এ ঘটনায় সহপাঠী ও বিভাগের সবাই শোকাহত।
গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সরোয়ার হোসেন জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে দেওয়া হয়েছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিকভাবে দাম্পত্য কলহকেই ঘটনার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।



