জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় কাগজ দেখে পড়ে বক্তব্য দেওয়া অনুমোদিত নয় বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি সংসদ সদস্যদের কাগজ থেকে সরাসরি না পড়ে, প্রয়োজন হলে সংক্ষিপ্ত নোট দেখে বক্তব্য দেওয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
রোববার (১৫ মার্চ) সংসদের অধিবেশনের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নেওয়া কয়েকজন সংসদ সদস্যকে উদ্দেশ্য করে স্পিকার এ নির্দেশনা দেন।
অধিবেশন চলাকালে বরগুনা-১ আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা প্রতীক) নির্বাচিত সংসদ সদস্য মো. অলিউল্লাহ বক্তব্য দেওয়ার সময় কাগজ দেখে বক্তব্য পড়ছিলেন। এ সময় স্পিকার তাকে উদ্দেশ্য করে বলেন, “আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে আপনার দৃষ্টি আকর্ষণ করছি— সংসদে দেখে দেখে বক্তব্য পড়া অনুমোদিত নয়। আপনারা নোট রাখতে পারেন, একবার তাকিয়ে তারপর হাউসের দিকে তাকিয়ে বক্তব্য দেবেন। ভবিষ্যতে এটাই প্রত্যাশা করি। এটাই সংসদের নিয়ম।”
শুধু তিনি নন, অধিবেশন চলাকালে আরও কয়েকজন সংসদ সদস্যকে কাগজ দেখে বক্তব্য দিতে দেখা যায়। এ প্রসঙ্গে স্পিকার বলেন, আগের বক্তাও একইভাবে কাগজ দেখে বক্তব্য দিয়েছেন। তবে এটি সংসদের প্রচলিত রীতি নয় এবং ভবিষ্যতে এ ধরনের অভ্যাস পরিহার করার আহ্বান জানান তিনি।
স্পিকারের এ নির্দেশনার পর কয়েকজন সংসদ সদস্য কিছুটা অস্বস্তিতে পড়েছেন বলে জানা গেছে। কারণ অনেকেই দীর্ঘ বক্তব্য লিখিতভাবে প্রস্তুত করে তা পড়ে থাকেন। ফলে এখন থেকে সংসদের নিয়ম মেনে সংক্ষিপ্ত নোটের ভিত্তিতে সরাসরি বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিতে হবে তাদের।
উল্লেখ্য, সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী লিখিত বক্তব্য পাঠ করতে চাইলে আগে স্পিকারের পূর্বানুমতি নেওয়া বাধ্যতামূলক।



