দেশের ১২টি সিটি কর্পোরেশনের প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীর জন্য পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৫ মার্চ) বিকেলে সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজ কার্যালয়ে সিটি কর্পোরেশনের মেয়র ও প্রশাসকদের হাতে এই সহায়তার চেক তুলে দেন তিনি।
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ বিভিন্ন সিটি কর্পোরেশনের প্রশাসকরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পরিচ্ছন্নতা কর্মীদের প্রতি সম্মান ও সহমর্মিতা জানিয়ে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। দেশের শহরগুলোকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের নিরলস পরিশ্রমের স্বীকৃতি হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর এই সহায়তা পরিচ্ছন্নতা কর্মীদের পরিবারে ঈদের আনন্দ আরও বাড়িয়ে তুলবে। পাশাপাশি নগর সেবায় নিয়োজিত কর্মীদের কল্যাণে সরকার ভবিষ্যতেও মানবিক ও কল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখবে।



