tanaka
প্রচ্ছদজাতীয়একুশে বই মেলার শেষ দিন আজ

একুশে বই মেলার শেষ দিন আজ

এবারের অমর একুশে বইমেলায় ১৭ কোটি টাকার বই বিক্রি হয়েছে। মেলায় অংশ নেওয়া ২৬৯টি প্রকাশনা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, প্রথম ১৭ দিনে তাদের মোট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৮ কোটি টাকা। বইমেলায় অংশগ্রহণকারী মোট ৫৮৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪টি ছিল মিডিয়া ও স্বাস্থ্যসেবা বিষয়ক এবং বাকি ৫৭০টি ছিল প্রকাশনা প্রতিষ্ঠান।

মেলা পরিচালনা কমিটির হিসাবে গড় হিসেবে ৫৭০টি প্রতিষ্ঠানের মোট বিক্রির পরিমাণ প্রায় ১৭ কোটি টাকায় দাঁড়িয়েছে। এদিকে বাংলা একাডেমি ১৪ মার্চ পর্যন্ত ১৭ দিনে ১৭ লাখ ৪ হাজার ৬২৯ টাকার বই বিক্রি করেছে।

মেলা পরিচালনা কমিটির প্রতিবেদনে বলা হয়, অনেক ক্ষেত্রে বেশি সংখ্যক ইউনিট বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানের তুলনায় কম ইউনিট পাওয়া প্রতিষ্ঠানের বিক্রি বেশি হয়েছে। মেলায় বাংলা একাডেমিসহ সব প্রতিষ্ঠানের বই ২৫ শতাংশ কমিশনে বিক্রি করা হয়েছে।

বইমেলার তথ্যকেন্দ্রের তথ্যমতে, ১৪ মার্চ পর্যন্ত ১৭ দিনে মেলায় জমা পড়েছে ১ হাজার ৭৭১টি নতুন বই। তবে সব প্রকাশিত বই তথ্যকেন্দ্রে জমা না পড়ায় নতুন বইয়ের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। নিবন্ধনকৃত মোড়ক উন্মোচিত বইয়ের সংখ্যা ছিল ২৫২টি।

রোববার (১৫ মার্চ) বইমেলার মূল মঞ্চে সমাপনী অনুষ্ঠানে মেলার প্রতিবেদন পাঠ করেন মেলা পরিচালনা কমিটির সদস্য-সচিব সেলিম রেজা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

এবার বইমেলা অনুষ্ঠিত হয়েছে মোট ১৮ দিন। জাতীয় সংসদ নির্বাচন ও রমজান মাসের কারণে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে, ২৬ ফেব্রুয়ারি মেলা শুরু হয়। এবারের মেলার মূল প্রতিপাদ্য ছিল ‘বহুমাত্রিক বাংলাদেশ’ এবং সব আয়োজন সেই প্রতিপাদ্যকে কেন্দ্র করে সাজানো হয়।

কমেছে বিক্রি ও বই প্রকাশ

গত বছর মাসব্যাপী বইমেলায় অংশ নেওয়া অর্ধেক প্রকাশনা প্রতিষ্ঠানের বিক্রির তথ্যের ভিত্তিতে মেলা কমিটি জানিয়েছিল, প্রায় ২০ কোটি টাকার বই বিক্রি হয়েছে। পরে বাকি প্রতিষ্ঠানগুলোর বিক্রি যোগ করে মোট বিক্রির পরিমাণ আনুমানিক ৪০ কোটি টাকা বলে জানানো হয়।

গত বছর বইমেলায় মোট ৭২১টি প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে ১৮টি ছিল মিডিয়া ও স্বাস্থ্যসেবা বিষয়ক এবং ৭০৩টি ছিল প্রকাশনা প্রতিষ্ঠান। সে হিসাবে এবারের মেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানের সংখ্যাও কমেছে। তাছাড়া ২৮ দিনের পরিবর্তে এবার মেলা হয়েছে ১৮ দিন।

এর আগে ২০২৪ সালে বইমেলায় প্রায় ৬০ কোটি টাকার বই বিক্রি হয়েছিল এবং ২০২৩ সালে বিক্রি হয়েছিল ৪৭ কোটি টাকার বই।

এবার বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে ৫৮৪টি প্রতিষ্ঠানকে মোট ১,০৬৮ ইউনিটের স্টল বরাদ্দ দেওয়া হয়। প্রকাশনা প্রতিষ্ঠানগুলোকে কোনো প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়নি।

স্টল বরাদ্দের মধ্যে ছিল—এক ইউনিটের ২৮৭টি, দুই ইউনিটের ২২৫টি, তিন ইউনিটের ৪৬টি, চার ইউনিটের ২৭টি, পাঁচ ইউনিটের ২৯টি এবং ছয় ইউনিটের ৩টি স্টল। শিশুদের জন্য ৬৩টি প্রতিষ্ঠানকে ১১১ ইউনিটের স্টল দেওয়া হয়।

সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের কাছে লিটল ম্যাগাজিন চত্বর স্থাপন করা হয়, যেখানে ৯০টি লিটল ম্যাগ স্টল বরাদ্দ দেওয়া হয়েছিল। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া মওকুফ করা হয়েছে। যারা আগেই ভাড়া জমা দিয়েছেন, তাদের অর্থ ফেরত দেওয়া হচ্ছে।

এ বছর শিশু চত্বর মূল মেলার মধ্যেই, মুক্ত মঞ্চের সামনে বড় পরিসরে স্থাপন করা হয়, যাতে শিশুরা সহজে চলাচল করতে পারে এবং পছন্দের বই সংগ্রহ করতে পারে।

বইমেলায় প্রতি শুক্র ও শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ‘শিশুপ্রহর’ ঘোষণা করা হয়েছিল। এ সময় শিশুরা অভিভাবকদের সঙ্গে মেলায় এসে নিরিবিলি পরিবেশে বই ঘুরে দেখার সুযোগ পেয়েছে।

শিশু-কিশোরদের জন্য আবৃত্তি, সংগীত ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের পুরস্কৃত করা হয়। শিশুচত্বরে পাপেট শো ও বায়োস্কোপও ছিল শিশুদের বিশেষ আকর্ষণ।

মেলার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি, শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। শুভেচ্ছা বক্তব্য দেন সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান।

গত ২৬ ফেব্রুয়ারি বইমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত আটজন লেখকের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। তবে মনোনীত হওয়া সত্ত্বেও কবিতা বিভাগে মোহন রায়হানকে পুরস্কার দেওয়া হয়নি।

রোববার সমাপনী অনুষ্ঠানে বাংলা একাডেমি প্রবর্তিত ‘গুণীজন স্মৃতি পুরস্কার’ও প্রদান করা হয়।

মেলা পরিচালনা কমিটির সদস্য-সচিব সেলিম রেজা বলেন, “বইমেলা নিছক বই বিকিকিনির হাট নয়। বইমেলা এখন আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। তাই একে বলা হয় মিলনমেলা—প্রাণের বইমেলা।”