tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদজাতীয়দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল দিনাজপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সফরকালে তিনি তার নানা–নানির কবর জিয়ারত করবেন।

সোমবার (১৬ মার্চ) কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। এই কর্মসূচির মাধ্যমে দেশব্যাপী নদী-নালা, খাল-বিল ও জলাধার খনন ও পুনখনন কার্যক্রম শুরু হবে।

সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে সড়কপথে কাহারোল যাবেন। খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে দিনাজপুর শহরে এসে নানা-নানির কবর জিয়ারত করবেন। পরে সার্কিট হাউস মাঠে ইফতার অনুষ্ঠানে অংশ নেবেন। রাত ৮টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে বিমানে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, সফরকালে তিনি দিনাজপুর সদর উপজেলার উপশহর ৯ নম্বর ওয়ার্ডের ফরিদপুর গোরস্তানে শায়িত তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার, খালা খুরশীদ জাহান হক (চকলেট আপা) এবং অন্যান্য নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন।

দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল বলেন, মূলত খাল খনন কর্মসূচির উদ্বোধন উপলক্ষেই প্রধানমন্ত্রীর এই সফর। এর পাশাপাশি আরও কয়েকটি কর্মসূচি রয়েছে। সময় ও সুযোগ হলে নির্বাচনী প্রতিশ্রুতি নিয়েও আলোচনা হতে পারে।

তিনি আরও বলেন, দিনাজপুরবাসী আশা করছে প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে জেলায় গ্যাস সংযোগ চালু, ফলমূল সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণ, রাস্তাঘাট উন্নয়নসহ স্কুল-কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির ও গির্জাসহ বিভিন্ন স্থাপনার সংস্কার ও নির্মাণে উদ্যোগ নেওয়া হবে।

এদিকে কবর জিয়ারতকে ঘিরে ফরিদপুর গোরস্তান পরিচালনা কমিটি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। গোরস্তান পরিষ্কার-পরিচ্ছন্ন করা, সীমানাপ্রাচীর ও প্রধান ফটক সংস্কার, কবর ধোয়ামোছা ও রং করার কাজ চলছে।

ফরিদপুর গোরস্তান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও দিনাজপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারাও গোরস্তান পরিদর্শন করেছেন এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

অন্যদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর দিনাজপুর সফর ঘিরে এসএসএফসহ গোয়েন্দা সংস্থার সদস্যদের পাশাপাশি প্রায় তিন হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে।