প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের রায়ে বিএনপি সরকার গঠনের পর ভোটের কালি শুকানোর আগেই নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার যেসব মানুষ অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছেন, তাদের আর্থিক সহায়তা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে বৈষম্য কমানোর লক্ষ্যেই সরকার কাজ করছে। জাতীয় নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই সেসব কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের জন্য ইতোমধ্যে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হয়েছে এবং পর্যায়ক্রমে এটি সারাদেশে বিস্তৃত করা হবে। আগামী ১৪ এপ্রিল পয়লা বৈশাখ থেকে ‘ফার্মার্স কার্ড’ বা ‘কৃষক কার্ড’ চালু করা হবে। এছাড়া আগামী ১৬ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি শুরু হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, আজকের এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে এমন মানুষ একত্রিত হয়েছেন, যাদেরকে সমাজ স্বতঃস্ফূর্তভাবে সম্মান করে এবং কঠিন সময়ে যাদের কাছ থেকে মানুষ পরামর্শ ও দিকনির্দেশনা প্রত্যাশা করে। অনুষ্ঠানে ইসলাম ধর্মের ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মের পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষরাও উপস্থিত রয়েছেন।
তিনি জানান, আজ থেকে ইমাম, খতিব, মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মীয় নেতাদের জন্য আর্থিক সহায়তা কর্মসূচি চালু হলো। পর্যায়ক্রমে যাদের প্রয়োজন, তাদের সবাইকে এই সহায়তার আওতায় আনা হবে।
তারেক রহমান বলেন, দেশের প্রতিটি নাগরিকের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে একটি শক্তিশালী রাষ্ট্র গড়ে তোলাই সরকারের লক্ষ্য। যাতে ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদী শক্তি বা অপশক্তি মানুষের স্বাধীনতা কেড়ে নিতে না পারে।
তিনি আরও বলেন, নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে। একই সঙ্গে নাগরিকদেরও রাষ্ট্র ও সমাজের প্রতি নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, সবাই নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে আগামী ১০ বছরের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।



