tanaka
প্রচ্ছদজাতীয়হাদি হত্যায় নতুন মোড়, অস্বস্তিতে অনেকেই

হাদি হত্যায় নতুন মোড়, অস্বস্তিতে অনেকেই

অন্তহীন কৌতূহল, বিস্তর গুঞ্জন, টানটান উত্তেজনা — সবই এক সংবাদকে কেন্দ্র করে। খবরটি ছড়িয়ে পড়েছে সীমান্ত পেরিয়ে ওপারেও। ভারতীয় সংবাদমাধ্যমের মাধ্যমে জানা গেছে, শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে। এই খবর বাংলাদেশের মধ্যেও দাবানলের মতো ছড়িয়ে পড়ে।

হাদির হত্যাকাণ্ড শুধু একটি মামলার ঘটনা নয়; এটি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটেও নতুন মোড় নিয়ে আসে। ১২ ডিসেম্বরের ঘটনা। নির্বাচনের তফশিল ঘোষণা হয়েছে ঠিক কয়েকদিন আগে। নিহত ওসমান হাদি নিজেও একজন প্রার্থী ছিলেন। তিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হিসেবে টেলিভিশনের পর্দায় সরব ছিলেন এবং বিএনপির প্রভাবশালী প্রার্থী মির্জা আব্বাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। এই রাজনৈতিক উত্তেজনার মাঝেই ঘটে যায় নির্মম এবং নিষ্ঠুর এই হত্যাকাণ্ড। রাজনীতিতে তখন অস্থির অবস্থা বিরাজ করছিল। নির্বাচনের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। ভারতবিরোধী রাজনৈতিক আন্দোলন আরও তীব্র হয়, এবং হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের সংশ্লিষ্টতার গুঞ্জন ছড়িয়ে পড়ে। ইউনূস প্রশাসন তটস্থ অবস্থায় থাকে। শাহবাগে লাগাতার অবস্থান শুরু হয়, এবং সবার দৃষ্টি সেখানে কেন্দ্রীভূত হয়। সিঙ্গাপুর থেকে খবর আসে, ওসমান হাদি নিহত। খবরটি জানার সঙ্গে সঙ্গে জনতা বিক্ষোভে ফেটে পড়ে। প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী এবং ছায়ানটের ওপর হামলা চালানো হয়, আগুন সন্ত্রাস ছড়ানো হয়। প্রফেসর ইউনূস সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।

সিন্ধান্ত পরিস্থিতি তখন অশান্ত ও উত্তাল। গুঞ্জন ছিল হত্যাকারীরা ভারতে চলে গেছে। যদিও পরবর্তীতে এটি প্রমাণিত হয়। তবে তাদের গ্রেপ্তারের প্রক্রিয়া নিয়ে অনেক তথ্য পর্দার আড়ালে রয়ে যায়। দুই দেশের গোয়েন্দা সংস্থার তথ্য আদান-প্রদান এই হত্যাকাণ্ডের জট খোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দারা নিশ্চিত ছিলেন—শ্যুটার মাসুদ ও আলমগীর পশ্চিমবঙ্গে লুকিয়ে আছে। কিন্তু তৎকালীন সরকার তাদের তথ্য উপেক্ষা করে। ১৮ মাসের শাসনকালে প্রতিরক্ষা গোয়েন্দাদের দেওয়া কোনো তথ্য যাচাই-বাছাই করা হয়নি। রাষ্ট্রীয় নিরাপত্তা হুমকির মুখে থাকা সত্ত্বেও এই তথ্য আড়ালে রাখা হয়।

অবিশ্বাস ও সন্দেহে সরকারপ্রধান মোহাচ্ছন্ন ছিলেন। সরকারের অভ্যন্তরীণ ও বহিরাগত কিছু শক্তি একযোগে নানা ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এক উদ্দেশ্য ছিল—নির্বাচন বিলম্বিত করা। কিন্তু প্রধান রাজনৈতিক শক্তি নির্বাচনের জন্য স্থির ছিল। তারা বারবার বলেছে, নির্বাচন বিলম্বের সুযোগ নেই।

২২ ফেব্রুয়ারি মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। কয়েক দিনের মধ্যে তিনি ভারত সফরে যান এবং সেখানে ‘র’ প্রধান পরাগ জৈনের সঙ্গে বৈঠক করেন। সম্ভবত এই বৈঠকে তথ্যের আদান-প্রদান হয়। সূত্রের ভিত্তিতে ভারতীয় কর্তৃপক্ষ নিশ্চিত হন, হত্যাকারীরা পশ্চিমবঙ্গে অবস্থান করছে। এরপরই বনগাঁ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বাংলাদেশ-ভারত বন্দি বিনিময় চুক্তির আওতায় শ্যুটার ফয়সাল করিম মাসুদ ও আলমগীরকে দেশে ফেরানো হয়। বাংলাদেশ ইতিমধ্যেই কনস্যুলার অ্যাক্সেস চেয়েছে।

ঢাকায় এই পরিস্থিতিতে অনেকের ঘুম হারাম হয়ে যায়। তদন্ত শুরু হয়—কে হত্যাকাণ্ডে জড়িত, কারা নির্বাচনকে অনিশ্চিত করতে চেয়েছিল, কারা ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছিল, এবং কারা একসাথে দুই ফল অর্জনের পরিকল্পনা করেছিল। গোয়েন্দারা নিশ্চিত, আলোচিত এই হত্যাকাণ্ড একটি বৃহৎ ষড়যন্ত্রের অংশ। ইউনূস সরকারকে সরিয়ে দিয়ে নতুন কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনা ছিল। তদন্তের পর সব রহস্য উন্মোচিত হবে। সূত্র: মানবজমিন