tanaka
প্রচ্ছদরাজনীতিমন্ত্রী-এমপিদের চলনে বলনে মার্জিত ও সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

মন্ত্রী-এমপিদের চলনে বলনে মার্জিত ও সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

মন্ত্রী ও সংসদ সদস্যদের আচরণে সংযম, শালীনতা ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকার ও দলের ভাবমূর্তি রক্ষার জন্য মন্ত্রী ও সংসদ সদস্যদের চলনে-বলনে মার্জিত থাকতে হবে এবং জনসম্মুখে বক্তব্য দেওয়ার সময় বিশেষভাবে সতর্ক থাকতে হবে।

বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের সভায় তিনি এসব পরামর্শ দেন। সভায় উপস্থিত একাধিক সংসদ সদস্য গণমাধ্যমকে জানান, বিশেষ করে গণমাধ্যমের সঙ্গে কথা বলার ক্ষেত্রে দায়িত্বশীলতা বজায় রাখতে প্রধানমন্ত্রী সবাইকে নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, যার যে মন্ত্রণালয় বা দায়িত্ব রয়েছে, সেই সীমার বাইরে গিয়ে কেউ যেন অপ্রয়োজনীয় মন্তব্য না করেন—এ বিষয়ে তিনি গুরুত্বারোপ করেছেন।

সকাল সোয়া ১১টায় শুরু হওয়া এ সভা বেলা ১টা পর্যন্ত চলে। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। পরে বক্তব্য দেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সভার মঞ্চে প্রধানমন্ত্রীর এক পাশে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অপর পাশে ছিলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সভায় বিএনপির ২০৯ জন সংসদ সদস্য অংশ নেন।

সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান দলের গৃহীত বিভিন্ন জনকল্যাণমুখী কর্মসূচি এবং আগামী দিনের করণীয় নিয়ে মন্ত্রী ও সংসদ সদস্যদের দিকনির্দেশনা দেন। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণই সরকারের প্রধান লক্ষ্য এবং সেই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, এ কর্মসূচি নিয়ে নানা মহল থেকে সমালোচনা করা হয়েছিল। কিন্তু জনগণের ভোটের আঙুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। তিনি বলেন, “মানুষকে দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করাই বিএনপির রাজনৈতিক সংস্কৃতি। জনগণ এমন একটি দায়িত্বশীল সরকারই দেখতে চায়।”

প্রধানমন্ত্রী জানান, ফ্যামিলি কার্ড কর্মসূচি দ্রুত বাস্তবায়নের পাশাপাশি সারা দেশে খাল খনন ও জলাবদ্ধতা নিরসনের একটি বড় কর্মসূচি শুরু করা হবে। এতে কৃষি উৎপাদন বাড়ানো এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

আসন্ন ডেঙ্গু মৌসুমের বিষয়েও সতর্ক করে প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে এখন থেকেই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে হবে। এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সভায় ‘জুলাই জাতীয় সনদ’-এর প্রসঙ্গ উল্লেখ করে তারেক রহমান বলেন, সনদের কিছু বিষয়ে বিভিন্ন পক্ষের ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে। তবে যেসব বিষয় বাস্তবায়নযোগ্য এবং দেশের জন্য ইতিবাচক, সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নেবে সরকার।

এ সময় মন্ত্রিসভার তরুণ সদস্যদের নিয়মিত ও সময়মতো অফিস করার ওপরও জোর দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মন্ত্রিসভায় অনেক জ্যেষ্ঠ ও অভিজ্ঞ নেতা রয়েছেন, তাদের কাছ থেকে তরুণদের শেখার সুযোগ রয়েছে। তাই বিশেষ করে তরুণ মন্ত্রীদের সকাল নয়টার মধ্যে অফিসে উপস্থিত থাকার অভ্যাস গড়ে তুলতে হবে।

অফিসে যাতায়াতের ক্ষেত্রেও ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দিয়ে তিনি বলেন, সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের আচরণই জনগণের জন্য উদাহরণ হয়ে ওঠে। তিনি নিজেও সব সময় ট্রাফিক আইন মেনে চলেন বলে সভায় উল্লেখ করেন।

এ ছাড়া দৈনন্দিন জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রে কৃচ্ছ্রসাধনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিশেষ করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা—বিশেষত ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানাপোড়েন—বিশ্ব অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে। এ পরিস্থিতিতে অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে সাশ্রয়ী নীতি অনুসরণ করা প্রয়োজন বলে তিনি মত দেন।