রাজধানীর উত্তরার কামারপাড়া এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজের কারণে বিস্ফোরণ ঘটে, যার ফলে একই পরিবারের ১০ জন দগ্ধ হয়েছেন। ঘটনা ঘটে শুক্রবার ভোরের দিকে।
দগ্ধদের মধ্যে রয়েছেন মো. রুবেল (২৮), তার অন্তঃসত্ত্বা স্ত্রী সোনিয়া আক্তার (২৫), মেয়ে রোজা (৩), সোনিয়ার বড় বোন রিয়া (২৭), রুবেলের চাচাতো ভাই মো. এনায়েত (৩২), তার স্ত্রী দিলারা খাতুন (২৮), ছেলে জুনায়েদ (১৩), এনায়েতের ভাই মো. হাবিব (৩০), এনায়েতের ভাগ্নি আয়েশা (১৯), মো. হাবিব (৩৫) ও আবুল কালাম রুবেল (৩৫)। সবাইকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধদের হাসপাতালে আনা সাজেদ মাতব্বর জানান, কামারপাড়া ১০ নম্বর সেক্টরের কবরস্থান রোডের পাশে আবুল কালামের বাসার দ্বিতীয় তলায় বিস্ফোরণ ঘটে। রুবেল মোটরসাইকেল রাইড শেয়ার করেন এবং তার চাচাতো ভাই এনায়েত দুবাই থেকে সাম্প্রতিক দেশে ফিরে এসেছেন। তাদের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলায়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে সোনিয়ার শরীরের ১০০ শতাংশ, এনায়েত আলীর ৪৫ শতাংশ, রুবেলের ৩২ শতাংশ, রিয়ার ৩২ শতাংশ, জুনায়েদের ২৪ শতাংশ, হাবিবের ১৯ শতাংশ, শিশু রোজার ১৮ শতাংশ, দিলারার ১৪ শতাংশ, আয়েশার ১২ শতাংশ ও আবুল কালামের ৭ শতাংশ দগ্ধ হয়েছে। বেশি দগ্ধদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে, বাকিদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।



