প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেছেন, পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ সবসময় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।
ইফতারপূর্ব বক্তব্যে তিনি বলেন, “আজকের অনুষ্ঠান শুধু আনুষ্ঠানিক নয়; এটি স্মরণ করিয়ে দেয় নানা জাতি, ধর্ম ও সংস্কৃতির মানুষের পারস্পরিক সম্মান, সহমর্মিতা ও ঐক্যের গুরুত্ব।” তিনি স্বাধীনতা রক্ষা, মানবাধিকার নিশ্চিত করা এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থানেও গুরুত্বারোপ করেন। দেশের আইনশৃঙ্খলা বজায় রাখা, নারীর ক্ষমতায়ন, নতুন উদ্যোক্তাদের সহায়তা এবং শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ার জন্য সরকার কাজ করে যাচ্ছে।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়ার মাধ্যমে বাংলাদেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায় একসঙ্গে শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের প্রতি কূটনীতিকদের সমর্থন আহ্বান করেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানও বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ সমমর্যাদা, পারস্পরিক স্বার্থ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে গুরুত্ব দেয়।
ইফতারে প্রধানমন্ত্রীর ডান পাশে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং বাম পাশে কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে ইফতারে অংশ নেন ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা, নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারী, ভুটানের রাষ্ট্রদূত দাশো কারমা হামু দর্জি, পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, শ্রীলঙ্কার রাষ্ট্রদূত ধর্মপাল বীরাককোডি এবং অন্যান্য দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা। এছাড়া মন্ত্রিসভার কর্মকর্তা ও বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।
দলীয় এমপিদের জন্য প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বিএনপি
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে বিএনপি নিজেদের সংসদ সদস্যদের প্রস্তুত করতে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। শুক্রবার সকাল ১০টায় রাজধানীর গুলশানে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান ও সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান।
দুই দিনের কর্মশালার প্রথম দিনে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা সকালের পর্বে অংশ নেন, বিকালে রাজশাহী, রংপুর, ঢাকা ও ফরিদপুর বিভাগের সংসদ সদস্যরা অংশগ্রহণ করেন। আজ (দ্বিতীয় দিনে) ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের এমপিরা সকালের পর্বে এবং সিলেট, কুমিল্লা ও চট্টগ্রামের এমপিরা বিকালে অংশ নেবেন।
কর্মশালায় সংসদের কার্যপ্রণালী, আচরণবিধি, বিল প্রণয়ন ও পর্যালোচনা, বাজেট সংক্রান্ত নথি বিশ্লেষণ, সংসদীয় কমিটিগুলোর কার্যক্রমসহ প্রয়োজনীয় বিধি-বিধান নতুন সংসদ সদস্যদের সামনে উপস্থাপন করা হচ্ছে। অভিজ্ঞ এমপিরা তাদের অভিজ্ঞতা শেয়ার করবেন। দলের একজন সিনিয়র নেতা জানান, পয়েন্ট অব অর্ডার, বিল প্রণয়ন ও পর্যালোচনা, সংসদে উপস্থিতি নিশ্চিত করা এবং নিজের এলাকায় সমস্যা তুলে ধরা বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।
জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ সকাল ১১টায় বসবে। ২০৯ জন সংসদ সদস্যের মধ্যে ১৪৬ জন প্রথমবারের মতো নির্বাচিত হওয়ায় নতুন এমপিদের জন্য এই প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।



