ভোরে ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে চালানো এ হামলার পর সাইরেন বেজে উঠলে লাখো ইসরায়েলি নাগরিক নিরাপদ আশ্রয়ের খোঁজে বোমা আশ্রয়কেন্দ্রে ছুটে যান। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
ইসরায়েলের জরুরি সেবা সংস্থার বরাত দিয়ে এএফপি জানিয়েছে, তাৎক্ষণিকভাবে এ হামলায় হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে জেরুজালেমে অবস্থানরত এএফপির প্রতিবেদকেরা একাধিক বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়ার কথা জানিয়েছেন।
অন্যদিকে ইরান থেকে ছোড়া একটি ড্রোনের আঘাতে কুয়েত উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে। পরে জাহাজটি ডুবে গিয়ে সাগরে তেল ছড়িয়ে পড়তে শুরু করে।
যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার গভীর রাতে ড্রোনের আঘাতে ট্যাংকারটিতে আগুন লাগে। ক্রুদের বরাত দিয়ে সংস্থাটি বলেছে, আগুন লাগার পর জাহাজটি ডুবে যায় এবং সেখান থেকে তেল সাগরে ছড়িয়ে পড়ে, যা পরিবেশগত ক্ষতির আশঙ্কা তৈরি করেছে।
তবে জাহাজটি ডুবে গেলেও এর সব ক্রু নিরাপদে আছেন বলে জানিয়েছে ইউকেএমটিও। সংস্থাটির দাবি, ঘটনাটি ড্রোন হামলার ফলেই ঘটেছে—এমন যথেষ্ট প্রমাণ তাদের কাছে রয়েছে।



