খুলনায় মাসুম বিল্লাহ নামে এক শ্রমিক দল নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৯টার দিকে নগরীর ডাকবাংলো মোড়ের বাটা শো-রুমের ভেতরে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ অশোক (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
নিহত মাসুম বিল্লাহ খুলনার রূপসা উপজেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিকদলের সাবেক আহ্বায়ক ছিলেন। তিনি রূপসা উপজেলার বাগমারা পেট্রোল পাম্পসংলগ্ন এলাকার বাসিন্দা। এছাড়া তিনি নৈহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা ওরফে মিনা কামালের ছোট ভাই।
খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম জানান, রাতে মা ও মেয়েকে সঙ্গে নিয়ে ডাকবাংলো মোড়ে ঈদের কেনাকাটা করছিলেন মাসুম। এ সময় সাতজন দুর্বৃত্ত শো-রুমে ঢুকে তাকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ফেলে রেখে যায়। স্থানীয় ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে পালানোর সময় অস্ত্রসহ অশোক নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি একটি সন্ত্রাসী গ্রুপের সদস্য। তার সঙ্গে জড়িত অন্যদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।



