বিশ্বজুড়ে ইসরাইলি দূতাবাসে হামলার হুমকি দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এ হুঁশিয়ারি আসে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলার পর থেকে অঞ্চলজুড়ে পাল্টাপাল্টি অবস্থান আরও তীব্র হয়েছে। তেহরান জানিয়েছে, নিজেদের স্বার্থ রক্ষায় তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পিছপা হবে না।
ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেখরচি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে বলেন, ইসরাইল যদি তাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ অব্যাহত রাখে, তবে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত ইসরাইলি দূতাবাসগুলো সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।
এর আগে মঙ্গলবার (৩ মার্চ) ইসরাইলি সামরিক বাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচাই আদরাই জানান, লেবাননে অবস্থানরত ইরানি সংশ্লিষ্ট ব্যক্তিদের অবিলম্বে সরে যাওয়ার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। তিনি বলেন, নির্দিষ্ট এলাকা ছাড়ার জন্য তাদের ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।
আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এই পাল্টাপাল্টি হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। সূত্র: আল জাজিরা।



