tanaka
প্রচ্ছদজাতীয়নির্বাচনকে সামনে রেখে সহযোগিতায় প্রস্তুত বাংলাদেশ সেনাবাহিনী: সেনাপ্রধান

নির্বাচনকে সামনে রেখে সহযোগিতায় প্রস্তুত বাংলাদেশ সেনাবাহিনী: সেনাপ্রধান

অফিসার্স অ্যাড্রেসে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন দেশ জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। এ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে বাংলাদেশ সেনাবাহিনী। ইতোমধ্যে বাহিনী প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

মঙ্গলবার (ঢাকা সেনানিবাসে) দুপুর ১২টা থেকে দেড় ঘণ্টাব্যাপী এক অফিসার্স অ্যাড্রেসে সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এসব কথা বলেন।

এ সময় তিনি বাহিনীর শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখা, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য প্রতিরোধ, সেনাবাহিনীকে নিয়ে অপপ্রচারের জবাব এবং মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে পদস্থ কর্মকর্তারা সরাসরি উপস্থিত ছিলেন এবং দেশের সকল সেনা স্থাপনার কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হন।

সেনাপ্রধান বলেন, “দীর্ঘ সময় ধরে সেনা সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন— যা অতীতে খুব কমই হয়েছে। তাই স্থানীয় জনগণের সঙ্গে সদ্ভাব বজায় রাখা জরুরি। দূরত্ব থাকলে তা দূর করতে হবে।”

তিনি আরও বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনীকে নিয়ে নানা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এসব দেখে কেউ যেন বিভ্রান্ত না হন। সকলকে সতর্ক থাকতে হবে যাতে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয়।”

সেনা সদস্যদের উদ্দেশে তিনি বলেন, “দেশের মানুষ এখন তোমাদের দিকে তাকিয়ে আছে। তোমরাই দেশের ভবিষ্যৎ। তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে এবং বাহিনীর চেইন অব কমান্ড অক্ষুণ্ণ রাখতে হবে।”

সেনাবাহিনীকে নিয়ে অপমানজনক মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “এ ধরনের কথায় বিরক্ত হওয়ার কিছু নেই। যেসব তরুণ এসব বলছে, তারা আমাদের সন্তানের বয়সি। সময়ের সঙ্গে তারা নিজেদের ভুল বুঝতে পারবে এবং লজ্জিত হবে।”

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “সেনাবাহিনী একটি পেশাদার বাহিনী। মাঠে দায়িত্ব পালনের সময় প্রতিশোধমূলক কোনো কর্মকাণ্ডে জড়ানো যাবে না। পেশাদারিত্ব বজায় রাখতে হবে।”

নাম প্রকাশ না করে সেনাপ্রধান জানান, একজন সেনা সদস্যের বিরুদ্ধে রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে, যা তদন্তাধীন। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আরেক কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগের বিষয়েও তদন্ত চলছে। তিনি স্পষ্টভাবে জানান, নৈতিক স্খলনের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। তবে মিডিয়া ট্রায়ালের ভিত্তিতে নয়, যথাযথ তদন্তের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে।

অফিসার্স অ্যাড্রেসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে সেনাপ্রধান বলেন, “একজন সেনা কর্মকর্তাকে গড়ে তুলতে রাষ্ট্র অনেক ব্যয় করে। তাই শুরু থেকেই সবাইকে নজরদারির মধ্যে রাখতে হবে, যাতে কেউ অপরাধে জড়িয়ে না পড়ে। অপরাধের পর তাকে বাড়ি পাঠিয়ে দিলে তা রাষ্ট্রীয় সম্পদের অপচয়।”

উল্লেখ্য, এর আগে গত ২১ মে সেনাপ্রধান প্রথম অফিসার্স অ্যাড্রেসে বক্তব্য দেন, যেখানে জাতীয় নির্বাচনসহ সাম্প্রতিক নানা প্রসঙ্গ উঠে আসে। তখন তিনি বলেন, “ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত।” নির্বাচনের বিষয়ে তার অবস্থান এখনও অপরিবর্তিত।