tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার

নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার

যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চায় মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সরকারিভাবে এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। সে ক্ষেত্রে আগামী সোমবার বা মঙ্গলবার এমপিদের শপথ অনুষ্ঠিত হতে পারে। একই দিন নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরাও শপথ নিতে পারেন বলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্রে জানা গেছে।

বিদ্যমান সংবিধান অনুযায়ী, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর দায়িত্ব দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বা তাঁর মনোনীত ব্যক্তির। ফলাফল সরকারি গেজেটে প্রকাশের তিন দিনের মধ্যে তিনি শপথ পাঠ করাতে না পারলে, পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার এ দায়িত্ব পালন করবেন।

সরকারি সূত্রগুলো বলছে, ২০২৪ সালের সেপ্টেম্বরে পদত্যাগের পর থেকে শিরীন শারমিন চৌধুরী প্রকাশ্যে আসেননি। ফলে সিইসির মাধ্যমে শপথ আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে এ ক্ষেত্রে গেজেট প্রকাশের পর সাংবিধানিকভাবে তিন দিন অপেক্ষা করতে হবে। এ সময়ের মধ্যে বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া যায় কি না, তা নিয়েও আলোচনা চলছে। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে গ্রহণযোগ্য কোনো প্রস্তাব এলে তার ভিত্তিতেও সিদ্ধান্ত হতে পারে।

সূত্র জানায়, ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করতেও তিন থেকে চার দিন সময় লাগতে পারে। সে ক্ষেত্রে সিইসি এএমএম নাসির উদ্দীন-ই নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন।

গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ হয়। শুক্রবার ২৯৭ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। উচ্চ আদালতের নির্দেশনার কারণে দুটি আসনের ফলাফলের গেজেট আপাতত প্রকাশ করা হচ্ছে না।

ঘোষিত ফল অনুযায়ী, ২৯৭ আসনের মধ্যে বিএনপি বেসরকারিভাবে ২০৯টিতে জয় পেয়েছে। ফল স্থগিত থাকা দুটি আসনেও দলটির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। বিএনপির শরিকেরা পেয়েছে তিনটি আসন। অন্যদিকে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন এবং দলটির নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনি জোটের অন্যান্য শরিকেরা পেয়েছে ৯টি আসন।


সংসদ সদস্যদের শপথ নিয়ে সংবিধানের বিধান

সংবিধানের ১৪৮ অনুচ্ছেদে সংসদ সদস্যদের শপথ সম্পর্কে বলা হয়েছে, ১২৩(৩) অনুচ্ছেদের অধীনে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রকাশের তিন দিনের মধ্যে নির্ধারিত ব্যক্তি শপথ পাঠ পরিচালনা করবেন। তিনি ব্যর্থ হলে বা শপথ না করালে, পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাবেন।

সংবিধানের তৃতীয় তফশিলে উল্লেখ আছে, সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন স্পিকার। যদিও শিরীন শারমিন চৌধুরী ২০২৪ সালের সেপ্টেম্বরে পদত্যাগ করেছেন, সংবিধান অনুযায়ী তাঁর উত্তরসূরি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি পদে বহাল আছেন বলে গণ্য হবেন। সে হিসেবে শপথ পাঠের সাংবিধানিক দায়িত্ব স্পিকারের ওপরই বর্তায়।

তবে আইন বিশ্লেষকদের মতে, এ বিষয়ে কিছু সাংবিধানিক জটিলতাও রয়েছে। কারণ, সংবিধানের ১২৩(৩) অনুচ্ছেদে মেয়াদোত্তীর্ণ বা ভেঙে যাওয়া সংসদের প্রেক্ষাপটে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এবারের নির্বাচন সেই অনুচ্ছেদের কাঠামোর বাইরে অনুষ্ঠিত হওয়ায় শপথ প্রক্রিয়া নিয়ে ভিন্ন ব্যাখ্যার অবকাশ তৈরি হয়েছে।