বাংলাদেশ ডাকের ডিজিটাল রূপান্তর, ই-কমার্স কমপ্লায়েন্স গড়ে তোলা, আধুনিক ঠিকানা ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন ও মাইগ্রেশনজনিত ঠিকানা সংকট মোকাবিলা, ব্যক্তিগত উপাত্তের সুরক্ষা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদারের লক্ষ্যে প্রণীত ‘ডাকসেবা অধ্যাদেশ, ২০২৬’–এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
নতুন এই অধ্যাদেশের মাধ্যমে ব্রিটিশ আমলের ‘The Post Office Act, 1898’ বাতিল করে সম্পূর্ণ আধুনিক ও যুগোপযোগী একটি আইন কাঠামো প্রণয়ন করা হলো।
যুগান্তকারী পরিবর্তনসমূহ
আধুনিক নিয়ন্ত্রক কাঠামো
অধ্যাদেশে একটি আইনিভাবে ক্ষমতাপ্রাপ্ত লাইসেন্সিং কর্তৃপক্ষ গঠনের বিধান রাখা হয়েছে, যা সকল বাণিজ্যিক ডাক ও কুরিয়ার অপারেটরের লাইসেন্স প্রদান, সেবা মান এবং শৃঙ্খলা তদারকি করবে।
প্রতিযোগিতা ও বৈষম্যহীনতা নিশ্চিতকরণ
খাতে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিতে বাংলাদেশ ডাককে সার্বজনীন সেবার জন্য প্রাপ্ত সরকারি সংস্থান প্রতিযোগিতামূলক বাণিজ্যিক সেবায় ব্যবহার করতে না দেওয়ার বিধান রাখা হয়েছে। এজন্য আলাদা হিসাব সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে।
লাইসেন্সবিহীন কার্যক্রমে কঠোর জরিমানা
লাইসেন্স ছাড়া ডাক, কুরিয়ার বা পার্সেল ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সর্বোচ্চ প্রশাসনিক জরিমানা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে অনূর্ধ্ব ১০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
ডেজিগনেটেড অপারেটর ও পোস্টাল কাউন্সিল
বাংলাদেশ ডাক ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন (UPU) কর্তৃক নির্ধারিত ডেজিগনেটেড অপারেটর হিসেবে দায়িত্ব পালন করবে। একই সঙ্গে কুরিয়ার ও ই-কমার্স লাইসেন্স প্রদানের জন্য ‘মেইলিং কুরিয়ার লাইসেন্সিং কর্তৃপক্ষ’ গঠন করা হবে। স্বার্থের সংঘাত এড়াতে সরকারি-বেসরকারি অংশীজনদের নিয়ে একটি পোস্টাল কাউন্সিল গঠনের কথাও বলা হয়েছে।
ডিজিটাল ও প্রযুক্তিনির্ভর সেবা
ডিজিটাল ডাকটিকিট ও ই-সেবা
প্রচলিত ডাকটিকিটের পাশাপাশি চালু হচ্ছে ডিজিটাল ডাকটিকিট বা ই-স্ট্যাম্পিং। অনলাইনে বিল পরিশোধের মাধ্যমে গ্রাহক কিউআর কোড বা বারকোড পাবেন, যা বৈধ ডাকটিকিট হিসেবে আইনি স্বীকৃতি পাবে।
ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা
নতুন আইনে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর সকল বিধান প্রযোজ্য হবে। গ্রাহকের তথ্য সুরক্ষায় এনক্রিপশনসহ প্রয়োজনীয় প্রযুক্তিগত ও সাংগঠনিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।
কেন্দ্রীয় ট্র্যাকিং ও আন্তঃপরিচালন
একটি ডিজিটাল সেন্ট্রাল লজিস্টিকস ট্র্যাকিং প্ল্যাটফর্ম (CLTP) চালু করা হবে, যেখানে সকল অপারেটরের আন্তঃপরিচালন নিশ্চিত করে ই-কমার্স ট্র্যাকিং সহজ করা হবে।
নিরাপত্তা ও জরুরি সেবা
জরুরি সেবা হিসেবে ঘোষণা
ডেজিগনেটেড অপারেটরের ডাকসেবাকে জাতীয় নিরাপত্তা, জনস্বাস্থ্য ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য বিবেচনায় জরুরি সেবা হিসেবে ঘোষণা করা হয়েছে।
সক্রিয় নিরাপত্তা কৌশল
ডাক ও কুরিয়ার অপারেটরদের জন্য কর্মীদের নিরাপত্তা প্রশিক্ষণ, এক্স-রে স্ক্যানিং এবং জরুরি পরিস্থিতির কন্টিনজেন্সি পরিকল্পনা বাধ্যতামূলক করা হয়েছে।
জাতীয় অবকাঠামো ও সরকারি অগ্রাধিকার
জাতীয় অবকাঠামো হিসেবে স্বীকৃতি
বাংলাদেশ ডাকের নেটওয়ার্ককে দেশের যোগাযোগ ও অর্থনৈতিক লেনদেনের একটি অপরিহার্য জাতীয় অবকাঠামো হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
সরকারি যোগাযোগে অগ্রাধিকার
সরকারি দপ্তরসমূহের দাপ্তরিক চিঠি, নথি, পরীক্ষার খাতা ও সংবেদনশীল পার্সেল প্রেরণে ডেজিগনেটেড অপারেটরের ডাকসেবা ব্যবহারে অগ্রাধিকার দেওয়ার বিধান রাখা হয়েছে।
আর্থিক সেবায় নতুন দিগন্ত
নতুন আইনে ডাক জীবন বিমা ও ডাকঘর সঞ্চয় ব্যাংক “অধিকারী ডাকসেবা” হিসেবে বিশেষ মর্যাদা পেয়েছে।
- ডাক জীবন বিমার সকল পলিসি থাকবে রাষ্ট্রীয় গ্যারান্টির আওতায়
- পলিসিধারীদের স্বার্থ রক্ষায় বিশেষ তহবিল গঠন
- ডাকঘর সঞ্চয় ব্যাংকের অর্থ সরকারি কোষাগারে জমা থেকে রাষ্ট্রীয় বিনিয়োগে ব্যবহৃত হবে
- সম্পূর্ণ আর্থিক ব্যবস্থার ডিজিটাল রূপান্তরের উদ্যোগ
আধুনিক ঠিকানা ব্যবস্থাপনা ও আর্কাইভ
ব্যক্তি ও পরিবারভিত্তিক ডিজিটাল ঠিকানা, জিও-ফেন্সিং, ফ্যামিলি-ট্রি ম্যাপিং এবং জলবায়ু পরিবর্তনজনিত বাস্তুচ্যুত মানুষের ঠিকানা পুনঃপ্রতিষ্ঠার জন্য ডিজিটাল ঠিকানা আর্কাইভ গঠনের বিধান রাখা হয়েছে।
এরিয়া কোড, স্ট্রিট কোড, হাউজ কোডভিত্তিক ডিজিটাল ঠিকানা, ভাসমান ও বস্তিবাসীদের জন্য কালেক্টিভ ঠিকানা ও পোস্ট বক্স ব্যবস্থার কথাও অধ্যাদেশে অন্তর্ভুক্ত রয়েছে।
ইলেকট্রনিক অগ্রিম তথ্য ও KYC
দেশের সীমান্ত অতিক্রমকারী সকল ডাক ও পার্সেলের ক্ষেত্রে কাস্টমস ও নিরাপত্তা সংস্থার জন্য ইলেকট্রনিক অগ্রিম ডাটা (EAD) প্রদান বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি বিদেশগামী ও উচ্চমূল্যের পার্সেলে প্রেরক-প্রাপকের KYC যাচাইকরণ বাধ্যতামূলক করা হয়েছে।



