জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. এরফানুল হক বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)-এর নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন। একই বিভাগের অতিরিক্ত সচিব মো. রেজানুর রহমানকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে জানায়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে গত ২৯ জানুয়ারি রাতে বিপিসির চেয়ারম্যান আমিন উল আহসানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এরপর ১ ফেব্রুয়ারি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক আদেশে অতিরিক্ত সচিব মো. রফিকুল আলমকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিপিসির চেয়ারম্যান করা হয়। তবে ওই আদেশ জারির ২৪ ঘণ্টার মধ্যেই নতুন প্রজ্ঞাপনে মো. রেজানুর রহমানকে বিপিসির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।
এই সিদ্ধান্তের মাধ্যমে দেশের জ্বালানি খাতের দুটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ে একযোগে পরিবর্তন আনল সরকার।



