আজ শুক্রবার রংপুরে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে রংপুরের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে ব্যাপক প্রচার-প্রচারণা চলছে। শুধু রংপুর মহানগরী নয়, গোটা জেলার নেতাকর্মীদের মাঝেই দেখা দিয়েছে উচ্ছ্বাস ও প্রাণচাঞ্চল্য। দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতার আগমনকে কেন্দ্র করে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ফিরেছে নতুন আশা ও উদ্দীপনা।
দীর্ঘ ২২ বছর পর এটিই তারেক রহমানের রংপুর সফর। সফরসূচি অনুযায়ী তিনি প্রথমে বগুড়ায় পৌঁছাবেন। সেখান থেকে রংপুরে আসার পথে পীরগঞ্জের জাফরপাড়ায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। পরে বিকাল সাড়ে ৪টায় রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনি জনসভায় যোগ দেবেন। রাতে রংপুরে অবস্থান শেষে আগামীকাল শনিবার সড়কপথে ঢাকায় ফিরবেন তিনি।
তার আগমনকে ঘিরে রংপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে বইছে আনন্দের জোয়ার। দীর্ঘ ২২ বছর পর রংপুরে আসার সিদ্ধান্তে তৃণমূল থেকে জেলা পর্যায়ের সব স্তরের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উচ্ছ্বাস। পীরগঞ্জ এলাকাতেও তার আগমনকে কেন্দ্র করে সাজ সাজ রব পড়েছে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল; এক নজর দেখার জন্য অনেকেই উদগ্রীব।
এদিকে, তারেক রহমানকে স্বাগত জানাতে রংপুর থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী পীরগঞ্জে যাবেন। সেখান থেকে শোভাযাত্রা সহকারে তাকে রংপুরে নিয়ে আসা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।



