জুলাই গণঅভ্যুত্থানে গুলিতে নিহত শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবরস্থানে উপস্থিত হয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
কবর জিয়ারতের সময় শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তারেক রহমান শহীদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং খোঁজখবর নেন।
এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে জীবন উৎসর্গকারী শহীদদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
সাক্ষাৎকালে শহীদ আবু সাঈদের দুই ভাই রমজান আলী ও আবু হোসেন রংপুর অঞ্চলের উন্নয়ন বৈষম্যের বিষয় তুলে ধরেন। তারা কর্মসংস্থান সৃষ্টি, কৃষিভিত্তিক শিল্পকারখানা স্থাপন, কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, হাসপাতাল উন্নয়নসহ বিভিন্ন দাবির কথা জানান। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার এবং জনগণের প্রত্যাশা বাস্তবায়নে বিএনপি চেয়ারম্যানের সহযোগিতা কামনা করেন।
এরপর তারেক রহমান রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।
এর আগে দুপুর ২টার দিকে তিনি বগুড়া থেকে রংপুরের উদ্দেশে যাত্রা করেন। পথে মহাস্থানগড়ে হযরত শাহ সুলতান মাহমুদ বলখী (র.)–এর মাজার জিয়ারত করেন এবং মোকামতলা বাসস্ট্যান্ডে একটি নির্বাচনী পথসভায় অংশ নেন।



