আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন হওয়ার পর আজ থেকে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচার শুরু হয়েছে। এ প্রচার কার্যক্রম সিলেট থেকে শুরু করেছে বিএনপি।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রথম দিনেই সাতটি জেলায় নির্বাচনি সমাবেশে অংশ নেবেন। জেলাগুলো হলো—সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জ।
বুধবার বিএনপির এক সংবাদ সম্মেলনে দলীয় চেয়ারম্যানের এই প্রচারসূচি জানানো হয়। রাজধানীর গুলশান-২ এ অবস্থিত বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান।
তিনি জানান, তারেক রহমান আজ রাতেই বিমানে সিলেট যাবেন এবং সেখানে পৌঁছে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনি সমাবেশে অংশ নেওয়ার মাধ্যমে তার আনুষ্ঠানিক নির্বাচনি প্রচার শুরু হবে।
এরপর দুপুরে তিনি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে সমাবেশ করবেন। পথে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে একটি সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেবেন।
দুপুরের পর ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল মাঠে এবং বিকেলে কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে নির্বাচনি সমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান। সেখান থেকে তিনি নরসিংদী পৌর পার্কসংলগ্ন সমাবেশে যোগ দেবেন। পরে ফেরার পথে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার অথবা রূপগঞ্জের গাউছিয়া এলাকায় আরও একটি সমাবেশে অংশ নেবেন।
সব সমাবেশ শেষে বৃহস্পতিবার রাতেই তিনি ঢাকায় ফিরবেন বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, নির্বাচন কমিশনের অনুরোধকে সম্মান জানিয়ে সম্ভাব্য বড় জনসমাগমের আশঙ্কায় এর আগে শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম আকরাম, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী এবং তারেক রহমানের নানির কবর জিয়ারতসহ কিছু সফর বাতিল করা হয়েছিল।
এ ছাড়া তিনি জানান, ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ আন্দোলনে দলের ত্যাগী নেতাদের মূল্যায়নের অংশ হিসেবে তারেক রহমানের সফরে পর্যায়ক্রমে অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সফরসঙ্গী করা হবে। সিলেট সফরে তার সঙ্গে থাকছেন আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, মামুন হাসান, আবদুল মোনায়েম মুন্না, কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, ইয়াসিন ফেরদৌস মুরাদ ও রাকিবুল ইসলাম রাকিবসহ একাধিক তরুণ নেতা।



