tanaka
প্রচ্ছদরাজধানীপেছনের দরজা দিয়ে গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র এখনো চলছে: ডা. রফিক

পেছনের দরজা দিয়ে গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র এখনো চলছে: ডা. রফিক

দেশের গণতন্ত্র এখনো চূড়ান্তভাবে নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, একটি মহল এখনো পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসে দেশের গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

ডা. রফিক বলেন, গণতন্ত্রের লড়াই এখনো শেষ হয়নি। মানুষের ভোটের রায়ের মাধ্যমে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেই এ সংগ্রামের সফল পরিণতি আমরা দেখতে পাব।

সোমবার (১২ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজের ডা. মিলন অডিটোরিয়ামে শাখা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একটি শক্তি এখনো সক্রিয়ভাবে চেষ্টা করছে কীভাবে পেছনের দরজা দিয়ে দেশের গণতন্ত্র ধ্বংস করে রাষ্ট্র পরিচালনা করা যায়। এ বিষয়ে সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে। তাহলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে।

ডা. রফিক বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবনের নানা স্মৃতিচারণ করে বলেন, ফ্যাসিস্ট শাসনামলে অসংখ্য মিথ্যা মামলায় হয়রানির শিকার হয়ে তিনি পুরান ঢাকার আদালতে হাজিরা দিতে আসতেন। সে সময় বহু নেতাকর্মী তার গাড়িবহরকে এগিয়ে দিতেন। তিনি শুধু বিএনপির নেত্রীই নন, সব রাজনৈতিক দলের কাছেই ছিলেন একজন আস্থাভাজন ও আপসহীন গণতান্ত্রিক নেতা।

তিনি আরও বলেন, ওয়ান-ইলেভেনের সময় বিদেশে পাঠানোর সব ষড়যন্ত্র উপেক্ষা করে বেগম খালেদা জিয়া দেশের মাটি ও মানুষের কথা ভেবে দেশ ছাড়েননি। আমৃত্যু তিনি দেশের মানুষের পাশেই থেকেছেন।

নারী শিক্ষা, স্বাস্থ্য খাত ও সামাজিক উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরে ডা. রফিক বলেন, এসব ক্ষেত্রে তার ভূমিকা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। ঢাকা মেডিকেল কলেজের ডা. মিলন অডিটোরিয়ামও তার সরকারের গুরুত্বপূর্ণ অবদান। তিনি সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছিলেন।

দোয়া মাহফিল প্রসঙ্গে তিনি বলেন, দেশের প্রতিটি মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়েছে। আজকের এই দোয়া মাহফিল আয়োজনের জন্য ঢাকা মেডিকেল কলেজ ইউনিটের নেতাকর্মীদের ধন্যবাদ জানাই।

গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ডা. রফিক বলেন, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে সবাইকে সজাগ ও সক্রিয় থাকতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। তাহলেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হবে।