tanaka
প্রচ্ছদজাতীয়পোস্টাল ব্যালট: নিবন্ধিত ভোটারদের তথ্য শতভাগ যাচাইয়ের নির্দেশ ইসির

পোস্টাল ব্যালট: নিবন্ধিত ভোটারদের তথ্য শতভাগ যাচাইয়ের নির্দেশ ইসির

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে স্বচ্ছতা নিশ্চিত করতে পোস্টাল ব্যালটে নিবন্ধিত ভোটারদের তালিকা শতভাগ যাচাইয়ের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১২ জানুয়ারি) ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব নাসির উদ্দিন চৌধুরী এ সংক্রান্ত নির্দেশনা জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠান।

নির্দেশনায় বলা হয়েছে, বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটার, সরকারি কর্মকর্তা-কর্মচারী, ভোট গ্রহণ কর্মকর্তা এবং আইনের আওতাভুক্ত ব্যক্তিরা আসন্ন সংসদ নির্বাচনে ভোট প্রদানের জন্য ‘পোস্টাল বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন। ইন্টার কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) ও আউট অব কান্ট্রি ভোটিং (ওসিভি) প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ভোটারদের মুদ্রিত ছবিসহ ভোটার তালিকা পাওয়ার সঙ্গে সঙ্গে এর পিডিএফ কপি ও মুদ্রিত কপি শতভাগ যাচাই করে তালিকাটি সঠিক ও ত্রুটিমুক্ত মর্মে সংশ্লিষ্ট সিনিয়র জেলা/জেলা নির্বাচন ও রেজিস্ট্রেশন কর্মকর্তাদের প্রত্যয়নপত্র দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া তালিকা প্রিন্ট করার পর ছবিসহ ভোটার তালিকার একটি কপি পোস্টাল ব্যালট গণনাকেন্দ্রে ব্যবহারের জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে সরবরাহ করতে হবে এবং আরেকটি কপি ব্যাকআপ হিসেবে সংশ্লিষ্ট সিনিয়র জেলা বা জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে সংরক্ষণ করতে হবে।