কমপক্ষে ১ কোটি ৭৫ লাখ ইনস্টাগ্রাম ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে বলে জানা গেছে। এতে ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা ও প্ল্যাটফর্মের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনের তথ্য মতে, ২০২৪ সালে ইনস্টাগ্রামের এপিআই–তে পাওয়া একটি ত্রুটির (বাগ) সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে। অ্যাপের ওই দুর্বলতার সুযোগ নিয়ে হ্যাকাররা মেটার নিরাপত্তা ব্যবস্থা এড়িয়ে সংবেদনশীল তথ্য সংগ্রহ করেছে।এই বিপুল তথ্য ফাঁসের পর বিভিন্ন অঞ্চলের ব্যবহারকারীরা অস্বাভাবিক মাত্রায় পাসওয়ার্ড রিসেট সংক্রান্ত ইমেইল পাওয়ার অভিযোগ করেছেন যা অ্যাকাউন্ট নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি করেছে।
ফাঁস হওয়া তথ্য বিশ্বব্যাপী ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের উপর প্রভাব ফেলতে পারে এবং এতে সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে প্রভাবশালী কনটেন্ট নির্মাতাদের তথ্যও অন্তর্ভুক্ত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।



