tanaka
প্রচ্ছদজাতীয়স্বৈরাচারের দোসররা ভোট ভণ্ডুলের চেষ্টা করতে পারে: প্রধান উপদেষ্টা

স্বৈরাচারের দোসররা ভোট ভণ্ডুলের চেষ্টা করতে পারে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পতিত স্বৈরাচারের দোসররা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করতে পারে। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

রোববার জাতীয় সংসদ নির্বাচনের পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশে সফররত ইউরোপীয় প্রতিনিধিদলের প্রধানের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা ইউরোপীয় পর্যবেক্ষকদের জানিয়েছেন যে নারী ও তরুণদের মধ্যে ভোটগ্রহণ নিয়ে উল্লেখযোগ্য আগ্রহ দেখা যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি সন্তোষজনক হবে।

শফিকুল আলম আরও জানান, বৈঠকে আওয়ামী লীগ কিংবা তাদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কোনো আলোচনা হয়নি।

প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের আশ্বস্ত করেছেন যে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সরকার ও নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠানোর সিদ্ধান্তের জন্য ইইউকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, সব রাজনৈতিক দলের জন্য সমান লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি সুষ্ঠু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।